Khabor Ekhon
ক্যাম্পাস দখলের লড়াই? এবিভিপি -বাম সংঘর্ষে রাতভর অশান্ত যাদবপুর!
রিচা সেন :কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU)-এর একটি সাধারণ সভাকে কেন্দ্র করেই প্রথমে উত্তেজনার সূত্রপাত। সভাকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষের আকার নেয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওগুলিতে কয়েকজনকে তালাবন্ধ কিছু জায়গায় ঢোকার চেষ্টা করতে এবং স্লোগান দিতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর অভিযোগও উঠেছে। পাশাপাশি ইট-পাথর ছোড়া, ভাঙচুর এবং দলবদ্ধ হামলার চেষ্টার অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজনা যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশি নজরদারি বাড়ানো হয়। ঘটনা নিয়ে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। এবিভিপি -র অভিযোগ, সাধারণ সভার নাম করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং ডিএসও -ডিএসএফ -এর সঙ্গে যুক্ত একাংশ এই হামলার নেপথ্যে ছিল।
অন্যদিকে ডিএসও -র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এবিভিপি বাইরে থেকে লোকজন এনে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকিয়ে উত্তেজনা তৈরি করে এবং ভাঙচুর চালায়। সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় অভিযোগ করেন, এবিভিপি এবং আরএসএস -এর সঙ্গে যুক্ত একাংশ ক্যাম্পাস দখলের উদ্দেশ্যে তাণ্ডব চালিয়েছে, পতাকা ছিঁড়েছে, আগুন লাগিয়েছে এবং গালিগালাজ করেছে।
এবিভিপি -র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী জানান, ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। তাঁদের সংগঠনের কয়েকজন সদস্য যাদবপুর থানার সামনে প্রতিবাদে বসেছেন বলেও তিনি জানান।
অন্যদিকে রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্টের (RSF) সদস্য এবং দর্শনের ছাত্র অভিনব দাসের অভিযোগ, ফেটসু -র সাধারণ সভায় এবিভিপি এবং এনএসএফ -এর পক্ষ থেকে বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে আসা হয়েছিল। ঘটনার পর আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যান বিধায়ক শার্বরী মুখোপাধ্যায়। আহতদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।এই সংঘর্ষের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এবিভিপি । ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। এবার ফেটসু -র সাধারণ সভাকে ঘিরে রাতভর সংঘর্ষ, আগুন, ভাঙচুর ও পাল্টাপাল্টি অভিযোগে ফের সেই উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এখন মূল প্রশ্ন, বৃহস্পতিবারের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

