Khabor Ekhon
সিজারের পর পেটেই ‘ভুলে’ গেলেন চিকিৎসক! গ্লাভস-টিস্যু নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই তরুণীর
রাজনন্দিনী ঘোষ : চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের বিড জেলা হাসপাতালে। সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক ১৯ বছরের তরুণীর পেটের ভিতরে অস্ত্রোপচারে ব্যবহৃত গ্লাভস ও কাগজের টিস্যু থেকে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ওই তরুণী।
জানা গিয়েছে, ১ আগস্ট বিড জেলা হাসপাতালে সন্ধ্যা সূরজ গায়কোয়াড়ের সিজারিয়ান অস্ত্রোপচার হয়। চার দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পরই শুরু হয় তীব্র পেটের যন্ত্রণা। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে পরিবারের সদস্যরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে শারীরিক পরীক্ষা ও স্ক্যানের পর পেটের ভিতরে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত কিছু সামগ্রী থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর জরুরি ভিত্তিতে তাঁকে পুনের সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পেটের ভিতর থেকে গ্লাভস এবং কাগজের টিস্যু বের করা হয় বলে পরিবারের দাবি।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে তরুণীর পরিবার। তাঁর স্বামী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন। তরুণীর মায়ের দাবি, শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে নিজের সদ্যোজাত সন্তানকে কোলে নেওয়ার মতো শক্তিও তাঁর নেই।
মঙ্গলবার ঘটনার প্রতিবাদে বিড জেলা হাসপাতাল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
অভিযোগের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বিডের জেলা সার্জন সতীশকুমার সোলাঙ্কে জানিয়েছেন, অস্ত্রোপচারে যুক্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের নোটিস পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতরের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী নজরদারি এবং চিকিৎসায় গাফিলতি নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তদন্তের পরই স্পষ্ট হবে, ঠিক কীভাবে অস্ত্রোপচারের পর ওই সামগ্রীগুলি রোগীর পেটের ভিতরে থেকে গেল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

