Khabor Ekhon
“রায়ের ঠিক আগে নাটকীয় বদল—সুজিত বসুর জামিন মামলায় সরে গেলেন বিচারপতি!”
রিচা সেন :কলকাতা হাই কোর্টে প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুর জামিন মামলায় আচমকাই নতুন মোড়। মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখার পর বুধবার নিজেকে মামলা থেকে সরিয়ে নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি নিজেই আদালতে জানান, গত ১৮ আগস্ট তাঁর অনুপস্থিতিতে সুজিত বসুর আইনজীবী তাঁর চেম্বারে গিয়ে ব্যক্তিগত সচিবকে জামিন সংক্রান্ত মামলার ফাইল বের করে দিতে বলেছিলেন। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন বিচারপতি। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, বিষয়টি তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে অবহিত করেছেন। এরপরই মামলাটি নিজের এজলাস থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আদালতে বিচারপতির বক্তব্য, “আমি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে বিষয়টি জানিয়েছি এবং মামলাটি আমার আদালত থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, সোমবারই সুজিত বসুর জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছিল। এরপর রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতি। সেই অবস্থায় বিচারকের অনুপস্থিতিতে তাঁর চেম্বারে গিয়ে মামলার ফাইল চাওয়ার ঘটনায় আদালতের অন্দরেই তৈরি হয়েছে প্রশ্ন। এখন মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে যাবে। হাই কোর্ট সূত্রে খবর, নতুন কোনও বিচারপতির এজলাসে মামলাটি পাঠানো হতে পারে এবং সেখানে জামিনের আবেদনটি নতুন করে শুনতে হতে পারে। প্রবীণ আইনজীবী সুপ্রদীপ রায় এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, শুনানি শেষ হওয়ার পর কোনও বিচারপতির নিজেকে মামলা থেকে সরিয়ে নেওয়ার ঘটনা খুবই বিরল।পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গ্রেফতারির বিরুদ্ধে এবং জামিনের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিধাননগরের প্রাক্তন বিধায়ক এই তৃণমূল নেতা। ইডির অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বিভিন্ন পদে প্রায় ১৫০ জনকে বেআইনিভাবে নিয়োগের ক্ষেত্রে সুজিত বসুর ভূমিকা ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়া হয়েছিল এবং সেই অর্থের সঙ্গে যুক্ত সম্পত্তি ও ব্যাঙ্কে নগদ জমারও হদিশ মিলেছে। ইডির দাবি, চাকরির বিনিময়ে পাওয়া অর্থের মাধ্যমে সুজিত বসু একাধিক ফ্ল্যাট অধিগ্রহণ করেছিলেন। তাঁর নিয়ন্ত্রণাধীন ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল নগদ জমার সন্ধান পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।অন্যদিকে, সুজিত বসুর হয়ে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী আদালতে দাবি করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে জমা দেওয়া দুটি চার্জশিটে সুজিত বসুর নাম ছিল না।পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছিল ব্যবসায়ী অয়ন শীলের নামও। ইডির ২০২৩ সালের তদন্তে দাবি করা হয়েছিল, স্কুল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল প্রায় ৬০টি পুরসভায় প্রায় ৫,০০০ জনকে স্থায়ী পদে নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্র ধরেই পুরসভা নিয়োগ সংক্রান্ত তদন্ত আরও বিস্তৃত হয় বলে তদন্তকারী সংস্থার দাবি। সুজিত বসু এই মামলায় গ্রেফতার হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা। এর আগে স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ও ইডি চার্জশিটও জমা দিয়েছে এবং দীর্ঘ সময় জেলে থাকার পর তিনি বর্তমানে জামিনে রয়েছেন। তবে সুজিত বসুর মামলায় বিচারপতি শুভ্রা ঘোষের এভাবে সরে দাঁড়ানোয় ফের সামনে এল আদালতের নিরপেক্ষতা ও মামলাকারী পক্ষের আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন নজর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সিদ্ধান্তে—কোন বিচারপতির এজলাসে যাবে সুজিত বসুর জামিন মামলা এবং নতুন করে শুনানি কবে শুরু হবে, সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

