Khabor Ekhon
রক্ষকই ভক্ষক? তরুণীর ধর্ষণের অভিযোগে জালে এএসআই
রিচা সেন : সল্টলেকের গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশেরই এক এএসআইকে গ্রেফতার করল বিধাননগর ইস্ট থানার পুলিশ। অভিযোগ, বীরভূমের নলহাটি থানায় কর্মরত এএসআই আজমল হক ওই তরুণীকে সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে বিধাননগর ইস্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের সময় অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। তবে মামলায় প্রথমে জামিন পেয়ে যান তিনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করে বিধাননগর ইস্ট থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কলকাতা ছেড়ে মুম্বইয়ে পালিয়ে গিয়েছেন অভিযুক্ত। এরপর বীরভূম জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে মুম্বইয়ে তাঁর সন্ধান চালানো হয়। শেষ পর্যন্ত সোমবার মুম্বই থেকে আজমল হককে গ্রেফতার করে পুলিশ। সেখানকার আদালতে পেশ করার পর তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করার কথা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রাথমিক তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজও চলছে।পুলিশকর্মীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে। অভিযুক্তকে জেরা করে ঘটনার আরও তথ্য সামনে আনার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

