Khabor Ekhon
ভাড়া নিয়ে টানাপোড়েন, জরিমানার প্রতিবাদে রাস্তায় নামছে বাস মালিকরা
রাজনন্দিনী ঘোষ :ভাড়া সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে একের পর এক মামলা ও মোটা অঙ্কের জরিমানায় ক্ষুব্ধ কলকাতার বেসরকারি বাস মালিকরা। পরিস্থিতি না বদলালে আগামী সপ্তাহ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। তাঁদের দাবি, জ্বালানি-সহ পরিচালন ব্যয় সামলাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা পরিষেবা চালানো আরও কঠিন করে তুলছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গত ১২ ও ১৩ অগস্ট শহরের বিভিন্ন জায়গায় বাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে যাত্রীদের কাছ থেকে ন্যূনতম ১০ টাকা ভাড়া নেওয়ার বিষয়টিও রয়েছে।
পরিবহণ দফতরের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, কিছু যাত্রীর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, কয়েকটি বাসে প্রথম ধাপের ভাড়া হিসেবে ১০ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু ওই ভাড়া এখনও সরকারি ভাবে অনুমোদিত নয়। বাস মালিকদের বক্তব্য, প্রায় ন’ বছর ধরে বাস ভাড়া সংশোধন হয়নি। ফলে ক্রমবর্ধমান জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচের সঙ্গে তাল রাখতে না পেরে কলকাতার রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও কমেছে। তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি, ১০ টাকা ন্যূনতম ভাড়া নেওয়ার অভিযোগে কয়েকটি বাসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাঁর কথায়, “এ ভাবে ব্যবস্থা চলতে থাকলে বেসরকারি পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে।” অবিলম্বে জরিমানা বন্ধ করার পাশাপাশি বাস ভাড়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
বাস মালিকদের আরও দাবি, বাসের ভিতরে সরকারি ভাবে নির্ধারিত ভাড়ার তালিকা আগের মতো স্পষ্ট ভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। তা হলে যাত্রী ও বাস মালিক—উভয়ের মধ্যেই ভাড়া নিয়ে বিভ্রান্তি কমবে এবং নিয়ম মেনে পরিষেবা দেওয়া সম্ভব হবে।
এদিকে বাস মালিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া পৃথক বার্তায় সিন্ডিকেটের অভিযোগ, বেসরকারি গণপরিবহণের উপর এ ধরনের “হয়রানি” চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না। শহরের প্রায় ১,৫০০ বাসের প্রতিনিধিত্বকারী এই শীর্ষ সংগঠন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে বেসরকারি বাস মালিকদের বিভিন্ন সংগঠন পথে নামতে পারে। ফলে ভাড়া বৃদ্ধি, জরিমানা এবং বাস পরিষেবা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাস মালিকদের সংঘাত আগামী দিনে আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

