Khabor Ekhon
ককরোচ জনতা পার্টি স্বেচ্ছাসেবকের বাড়িতে হামলা, বাবার মৃত্যু—গ্রেফতার ৮
রাজনন্দিনী ঘোষ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার অভিযোগ উঠল এক যুবক ও তাঁর পরিবারের উপর। সেই হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল তাঁর বাবার। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম শেখ মহম্মদ মাফিক। তাঁর ছেলে শেখ আবদুল হাফিজ কক্রোচ জনতা পার্টি (CJP)-র স্বেচ্ছাসেবক ও সমর্থক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় একটি খুনের মামলা দায়ের হয়েছে এবং এফআইআরে কয়েকজনের নাম রয়েছে। CJP-র ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে আবদুল হাফিজ বাঁকুড়ার কারিশুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যান। স্কুলের শিক্ষাব্যবস্থা ও পরিকাঠামোর পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি প্রধান শিক্ষক কাশীনাথ দে-র সঙ্গে কথা বলেন। অভিযোগ, পরের দিন বিষয়টি নিয়ে ফের আলোচনার কথা জানিয়েছিলেন প্রধান শিক্ষক।
অভিযোগ, ওই দিন রাতেই একদল দুষ্কৃতী হাফিজের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলাকারীদের হাতে লাঠি, লোহার রড এবং লোহার শাবল জাতীয় অস্ত্র ছিল বলে অভিযোগ। প্রথমে হাফিজকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি কোনওরকমে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর তাঁর বাবা শেখ মহম্মদ মাফিককে লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাফিকের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর স্ত্রী হাসিনা বেগম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের স্থানীয় জেলা আদালতে পেশ করা হয়েছে।
সিজেপি-র তরফে অভিযোগ করা হয়েছে, স্কুলের বেহাল দশা নিয়ে সরব হওয়ার কারণেই হাফিজ ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়েছে। দলের তরফে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্ত।
সিজেপি নেতা রাঙ্কা জানিয়েছেন, আবদুল হাফিজ প্রথম দিন থেকেই দলের দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন। স্থানীয় প্রাথমিক স্কুলটির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন বলে দাবি তাঁর।
এদিকে হাফিজ ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসও। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে হামলার সঙ্গে বিজেপির কোনও যোগ থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এফআইআরে নাম থাকা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় বিজেপির কোনও যোগ নেই। তাঁর বক্তব্য, অভিযুক্তরা অপরাধী এবং পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ করবে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এমন ঘটনা ঘটে থাকলে এফআইআর করে পুলিশকে তদন্ত করতে হবে। পুলিশ জানিয়েছে, ঘটনায় গ্রেফতার হওয়া ৮ জনকে আদালতে পেশ করা হয়েছে। হামলার প্রকৃত কারণ এবং এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

