Khabor Ekhon
চলন্ত বাইকে ‘অশালীন স্পর্শ’! ১৭ বছরের কিশোরের অভিযোগে চালককে স্থায়ী ব্যান
শ্রীতমা ব্যানার্জী :উত্তরপ্রদেশে র্যাপিডো বাইক-ট্যাক্সিতে যাত্রার সময় যৌন হেনস্থার অভিযোগ তুলল ১৭ বছরের এক কিশোর। চলন্ত বাইকে পিছনে বসে থাকার সময় চালক তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিষয়টি সামনে আনেন ওই কিশোর। কিশোরের দাবি, বাইক চলার সময় চালক তাঁর দিকে হাত বাড়িয়ে দেন। তিনি সঙ্গে সঙ্গে চালকের হাত সরিয়ে দেন। কিন্তু অভিযোগ, এরপরও চালক তাঁর পা ও উরুতে হাত দেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটি ভিডিয়োয় ধরা পড়ে।
ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে র্যাপিডোর অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করেন ওই কিশোর। পোস্টের সঙ্গে নিজের বয়সের কথাও উল্লেখ করেন তিনি। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই যাত্রী নিরাপত্তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। অভিযোগ সামনে আসার পর র্যাপিডো জানায়, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তের জন্য কিশোরের কাছে রাইড আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর চাওয়া হয়। সংস্থার তরফে স্পষ্ট করে দেওয়া হয়, যাত্রীর নিরাপত্তা ও সম্মানের সঙ্গে আপস করে এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
পরে কিশোর নিজেই জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে র্যাপিডো। সংস্থার দাবি, ওই চালককে প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে র্যাপিডোকে ধন্যবাদ জানান ওই কিশোর। দ্রুত পদক্ষেপ করার জন্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে নেটমাধ্যমে উঠছে একাধিক প্রশ্ন—যাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত? চালকদের আচরণের উপর নজরদারি কতটা কার্যকর? এবং এমন অভিযোগ উঠলে অ্যাপ-ক্যাব বা বাইক-ট্যাক্সি সংস্থাগুলি কত দ্রুত ব্যবস্থা নেয়?
অনেকেই ওই কিশোরের সাহসের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, ঘটনা প্রকাশ্যে না এলে হয়তো অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হত। তবে এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না বা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
চলন্ত বাইকে যাত্রীর নিরাপত্তা যেখানে প্রথম শর্ত, সেখানে চালকের এমন আচরণের অভিযোগ ফের সামনে এনে দিল অ্যাপ-বাইক পরিষেবায় নিরাপত্তা ও জবাবদিহির বড় প্রশ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

