Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আরজি কর মামলায় বেল, তোলাবাজির মামলায় জেল—নির্মল ঘোষের ‘ডাবল ধাক্কা’

0 5,427,891

শ্রীতমা ব্যানার্জী :  আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তবে একই দিনে লটারির টিকিট সংক্রান্ত তোলাবাজির অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

শুক্রবার নির্মল ঘোষকে আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী দাবি করেন, আরজি কর মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’। প্রতিরক্ষা পক্ষের বক্তব্য, এই মামলায় যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি জামিনযোগ্য এবং সরকারি আইনজীবীও জামিনের বিরোধিতা করেননি। আইনজীবীর আরও দাবি, আরজি কর মামলার তদন্ত বর্তমানে সিবিআইয়ের হাতে রয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের অন্য কোনও প্রক্রিয়া গ্রহণের সুযোগ নেই বলেও আদালতে যুক্তি দেন তিনি। এর আগে মৃত চিকিৎসকের দেহ দ্রুত দাহ করার অভিযোগে সিবিআই নির্মল ঘোষকে তলব করেছিল। অন্যদিকে, লটারির টিকিট সংক্রান্ত তোলাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। একই মামলায় আরজি কর ষড়যন্ত্রের ঘটনায় অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যারাকপুরের এসিজেএম আদালত। অভিযোগ, মৃত চিকিৎসকের দেহ সৎকারের জন্য প্রয়োজনীয় নথিতে সই করেছিলেন সঞ্জীব। অথচ সেই নথিতে পরিবারের কোনও সদস্যের সই থাকার কথা ছিল বলে অভিযোগ। আদালতে নিয়ে যাওয়ার সময় নির্মল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খড়দহ থানার বাইরে পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে লক্ষ্য করে লাথি, চড়, ডিম ও কাদা ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাঁকে ঘিরে রাখে। মাথায় হেলমেট পরিয়ে তাঁকে নিরাপদে আদালতে নিয়ে যাওয়া হয়। সঞ্জীব মুখোপাধ্যায়কেও বিক্ষোভকারীদের হামলার মুখে পড়তে হয়।এদিকে, মৃত চিকিৎসকের বাবার গোপন জবানবন্দিও শুক্রবার রেকর্ড করা হয়েছে। তাঁর দায়ের করা অভিযোগে নাম থাকা তিন অভিযুক্তকে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ব্যারাকপুর সিটি পুলিশের ভূমিকার প্রশংসা করে পুলিশ কমিশনার অমিত কুমার সিং এবং তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, অভিযোগে নাম থাকা তিন ব্যক্তিকে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। আরও একজনের গ্রেফতারি বাকি রয়েছে বলেও উল্লেখ করে তাঁকে দ্রুত গ্রেফতার অথবা আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। ফলে একদিকে আরজি কর মামলায় নির্মল ঘোষের জামিন, অন্যদিকে তোলাবাজির মামলায় দীর্ঘ পুলিশ হেফাজত—একই দিনে পরপর দুটি মামলায় আইনি পরিস্থিতি নতুন মোড় নিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper