Khabor Ekhon
সম্মান পেলেন, সম্মান হারালেন? অনন্ত মহারাজের বঙ্গবিভূষণে নাটকীয় মোড়
রাজনন্দিনী ঘোষ : বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নেওয়া হল। বৃহস্পতিবার, ১৩ অগস্ট এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান গ্রহণ করেছিলেন অনন্ত মহারাজ। রাজবংশী ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর কাজের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও রাজবংশী সমাজের জন্য তাঁর কাজের প্রশংসা করেছিলেন।
তবে কয়েক মাসের মধ্যেই সেই সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের করা বলে অভিযোগ ওঠা আপত্তিকর মন্তব্যকেই এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ অগস্ট সম্মান প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, অনন্ত মহারাজ নামেই পরিচিত বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায়। ২০২৩ সালে বিজেপির মনোনয়নে রাজ্যসভায় যান তিনি। উত্তরবঙ্গে রাজবংশী সমাজের মধ্যে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজকে ঘিরে ফের নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে বিজেপির সাংসদকে রাজ্য সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া, অন্যদিকে কয়েক মাসের মধ্যেই সেই সম্মান প্রত্যাহার—পুরো ঘটনাপ্রবাহ ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
রাজনৈতিক মহলের নজর এখন একটাই—নেতাজি- মন্তব্য ঘিরে এই সরকারি সিদ্ধান্তের পর অনন্ত মহারাজ কী প্রতিক্রিয়া দেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

