Khabor Ekhon
৪২ দিন আগে মৃত্যু, ফোনে এল ‘সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’! আয়ুষ্মান বার্তায় তোলপাড়
শ্রীতমা ব্যানার্জী : ছত্তীসগঢ়ের যশপুরে মৃত পুলিশ কনস্টেবলের পরিবারের ফোনে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বয়ংক্রিয় বার্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত্যুর ৪২ দিন পর মৃত ব্যক্তির ফোনে পৌঁছল—‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’—এই বার্তা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তথ্য আপলোডে দেরির জেরেই এমন ঘটনা ঘটেছে।
যশপুর জেলার বাসিন্দা তথা পুলিশ কনস্টেবল দেবনারায়ণ রামকে গত ২৬ জুন চিকিৎসার জন্য অম্বিকাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয় এবং নিয়ম মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে পরিবার।
এরপর কেটে যায় প্রায় দেড় মাস। গত ১০ অগস্ট দেবনারায়ণের ফোনে আসে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার একটি স্বয়ংক্রিয় বার্তা। সেখানে লেখা ছিল, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং আয়ুষ্মান প্রকল্পের বিনামূল্যের চিকিৎসা পরিষেবায় তিনি সন্তুষ্ট হবেন বলে আশা করা হচ্ছে।
স্বামীর মৃত্যুর ৪২ দিন পর এমন বার্তা পেয়ে কার্যত হতবাক হয়ে যান দেবনারায়ণের স্ত্রী সীমা কুজুর। তিনি নিজেও একটি সরকারি হাসপাতালের নার্স। বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে উচ্চপর্যায়ের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সীমার বক্তব্য, একজন মৃত ব্যক্তির পরিবারের কাছে এমন বার্তা পৌঁছনো অত্যন্ত বেদনাদায়ক। এত বড় ভুল কীভাবে হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত ও আদিবাসী এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার তথ্য নথিভুক্তকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
কীভাবে ঘটল এই ‘ভুল’?
হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা, দেবনারায়ণের আয়ুষ্মান প্রকল্পের ক্লেম প্রসেসিংয়ে দেরি হয়েছিল। ৩০ জুন তাঁর মৃত্যু হলেও সংশ্লিষ্ট তথ্য পোর্টালে ক্লেম ক্লোজার আপডেট করা হয় ৬ অগস্ট। অর্থাৎ মৃত্যুর কয়েক সপ্তাহ পর।
হাসপাতালের দাবি, এই দেরিতে তথ্য আপডেট হওয়ার পরই আয়ুষ্মান পোর্টার থেকে স্বয়ংক্রিয়ভাবে ‘সুস্থ হয়ে বাড়ি ফেরার’ বার্তাটি চলে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মৃত রোগীদের তথ্য যাচাই করে তবেই যাতে এমন স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, সে বিষয়ে রাজ্যের নোডাল এজেন্সিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।
হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, দেবনারায়ণের পাঁচ দিনের চিকিৎসায় আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে শুধুমাত্র আইসিইউ এবং ব্লাড ট্রান্সফিউশন প্যাকেজ বাবদ ১৬,৭০০ টাকা ব্যবহার হয়েছিল। তাঁর আয়ুষ্মান কার্ডে এখনও ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ টাকা অবশিষ্ট রয়েছে।
হাসপাতাল আরও জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত প্রক্রিয়ায় বায়োমেট্রিক ও ওটিপি যাচাই প্রয়োজন হয় এবং রোগীর আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করা সম্ভব।
মৃত্যুর ৪২ দিন পর ‘সুস্থ’ হওয়ার বার্তা কেন গেল, তথ্য আপডেটে এতটা দেরি হল কীভাবে—এই প্রশ্নগুলির উত্তর ঘিরেই এখন তদন্তের দাবি জোরালো হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

