Khabor Ekhon
‘চাকরি না হলে দায় আমার!’ সরকারি স্কুল থেকে কর্মসংস্থান—বড় ঘোষণা প্রশান্ত কিশোরের
শ্রীতমা ব্যানার্জী :শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তত ১০ হাজার যুবকের জন্য আগামী দু’বছরের মধ্যে বেসরকারি চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন সদ্য নির্বাচিত ব্যাঙ্কিপুরের বিধায়ক।
মঙ্গলবার ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত ‘আভার’ (কৃতজ্ঞতা) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, “আপনাদের সন্তানরা শিক্ষিত হয়েও যদি বেকার থাকে, তাহলে তাঁদের CV আমাদের অফিসে নিয়ে আসুন। আগামী দু’বছরের মধ্যে অন্তত ১০ হাজারের চাকরির ব্যবস্থা করব।”
প্রশান্তের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে তাঁর পরিচিতি ও যোগাযোগ রয়েছে। অতীতে যাঁদের তিনি সাহায্য করেছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়েই যোগ্য যুবকদের দেশের বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ করে দেওয়া হবে। আপাতত বিহারের পাশাপাশি রাজ্যের বাইরেও চাকরি নিতে হতে পারে বলে জানান তিনি। তবে জন সুরাজ পার্টি ক্ষমতায় এলে বিহারের মধ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রশান্ত।
শুধু চাকরি নয়, ব্যাঙ্কিপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দরিদ্রদের খাদ্যশস্য এবং সামাজিক সুরক্ষা পেনশনের বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সরকারি স্কুলের শিক্ষার মান নিয়েও বড় দাবি করেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, এক বছরের মধ্যে সরকারি স্কুলগুলির শিক্ষার মান এমন জায়গায় নিয়ে যাওয়া হবে, যাতে অভিভাবকেরা নিজেরাই সন্তানদের সেখানে ভর্তি করতে চান। তা না হলে বেসরকারি স্কুলে সন্তানদের ভর্তি করিয়ে তাঁদের ফি দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথাও বলেন তিনি।
এদিন দিল্লির যন্তর মন্তর এবং ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জেরও তীব্র সমালোচনা করেন জন সুরাজের প্রধান। তিনি বলেন, লাঠির ভয় দেখিয়ে দেশের যুব সমাজকে দমিয়ে রাখা সম্ভব নয়। সমস্যাগুলি সময়মতো সমাধান না হলে এই ক্ষোভ আরও ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করেন প্রশান্ত কিশোর।
উল্লেখ্য, বিজেপি সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর ব্যাঙ্কিপুর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই আসনে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন প্রশান্ত কিশোর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

