Khabor Ekhon
১৬টি এফ আই আর -এর তথ্য সামনে, তবু আপাতত গ্রেফতারির ভয় নেই—অভিষেককে বড় স্বস্তি হাইকোর্টে!
শ্রীতমা ব্যানার্জী :গ্রেফতারির আশঙ্কায় আপাতত স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে চলা তিনটি ফৌজদারি মামলায় অন্তর্বর্তী সুরক্ষা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল। একইসঙ্গে তিনটি এফ আই আর খারিজের আবেদন নিয়ে আগামী ২৫ আগস্ট চূড়ান্ত রায় দেওয়ার দিন ধার্য করেছে আদালত।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত—যেটি আগে হবে, অভিষেকের বিরুদ্ধে কোনও গ্রেফতারি বা জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। অভিযোগকারীদের এক পক্ষের আইনজীবী অভিষেককে ‘সুপার-ইনফ্লুয়েনশিয়াল’ বলে দাবি করে জানিয়েছিলেন, তাঁকে গ্রেফতার না করা হলে তদন্ত প্রভাবিত হতে পারে এবং সাক্ষীদের ভয় দেখানোর আশঙ্কা রয়েছে। এমনকি অভিযোগকারী অভিজিৎ দাসের নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদনও করা হয়। তবে সেই যুক্তিতে আপাতত সায় দেয়নি আদালত। শুনানিতে বিচারপতি ভট্টাচার্য মৌখিক পর্যবেক্ষণে জানান, রাজ্যে শাসকদল বদলের পর পরিস্থিতিরও পরিবর্তন হয়েছে।
অভিষেকের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে আদালত আমতলায় তাঁর সাংসদ কার্যালয় ভেঙে ফেলার প্রসঙ্গও টেনে আনে। আদালতের প্রশ্ন, তিনি যদি এখনও এতটাই ‘প্রভাবশালী’ হন, তাহলে তাঁর সাংসদ কার্যালয় ভাঙার প্রক্রিয়া কীভাবে শুরু হল? হাইকোর্টের হস্তক্ষেপে সেই ভাঙার কাজ আপাতত থমকে যায়। গত ৩০ জুলাই তিনটি এফ আই আর -এর ক্ষেত্রে অভিষেককে ১৭ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল আদালত। সেই তিনটি মামলা দায়ের হয়েছিল ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায়।
এরই মধ্যে ৬ আগস্ট রাজ্য আদালতকে জানায়, রাজ্যের বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মোট ১৬টি এফ আই আর বিচারাধীন রয়েছে।
অভিষেকের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। তিনি দাবি করেন, অভিষেক তদন্তে সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন। পাশাপাশি ২০২৫ সালের অক্টোবরে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৩টি এফ আই আর হাইকোর্ট খারিজ করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
অন্যদিকে, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এফ আই আর খারিজ এবং অন্তর্বর্তী সুরক্ষার বিরোধিতা করেন। তাঁর যুক্তি, এফ আই আর -এ যদি আমলযোগ্য অপরাধের প্রাথমিক উপাদান থাকে, তাহলে তদন্তের একেবারে শুরুতেই তা খারিজ করা যায় না। তাঁর দাবি, অভিষেকের বিরুদ্ধে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে রেহাই পেলেন অভিষেক। তবে গোটা নজর এখন ২৫ আগস্টের দিকে—তিনটি এফ আই আর আদৌ খারিজ হবে, নাকি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেবে আদালত?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

