Khabor Ekhon
দাদার পরিবারকে সরাসরি হুমকি! কুরিয়ারে এল ‘খতম’ করার চিঠি
সঞ্জয় মিত্র : প্রাক্তন ভারত অধিনায়ক ও তার স্ত্রী ডোনা -কে প্রাণনাশের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে একাধিক হুমকির চিঠি আসার অভিযোগ উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সৌরভ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও পর্যালোচনা শুরু করেছে প্রশাসন।
অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে সৌরভের উদ্দেশে আপত্তিকর ও হুমকিসূচক চিঠি আসছিল। প্রথমদিকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি আসা চিঠিগুলিতে হুমকির ভাষা আরও তীব্র হওয়ায় উদ্বেগ বাড়ে পরিবারের।
জানা গিয়েছে, সোমবার বাংলার ক্রিকেট প্রশাসনের দফতরে সৌরভের উদ্দেশে আসা একটি চিঠি খোলা হয়। চিঠিটি সম্পূর্ণ ইংরেজিতে লেখা ছিল। সেখানে সৌরভ ও তাঁর পরিবারের সদস্যদের ‘শেষ করে দেওয়ার’ মতো সরাসরি হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পর সৌরভের পরিবার এবং তাঁর ব্যক্তিগত সহকারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, প্রথমদিকে চিঠিগুলিকে ব্যক্তিগত রাগ বা বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে মনে করা হয়েছিল। কিন্তু পরপর এমন চিঠি আসায় এবং সেগুলিতে জীবন ও নিরাপত্তার বিষয়ে সরাসরি হুমকি থাকায় বিষয়টি আর হালকাভাবে নেওয়া সম্ভব নয়।
অভিযোগের ভিত্তিতে ঠাকুরপুকুর থানায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সৌরভের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছিল। প্যাকেটে প্রেরকের নাম হিসেবে ‘অরুণ কুমার’ এবং ঠিকানা হিসেবে বেলঘরিয়ার উল্লেখ রয়েছে।
চিঠিতে থাকা একটি ফোন নম্বরও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই নম্বরের ট্রুকলার (Truecaller) পরিচয়ে ‘অরুণ কুমার’ নাম উঠে এসেছে। তবে সত্যিই ওই ব্যক্তি চিঠি পাঠিয়েছেন, নাকি তাঁর পরিচয় ব্যবহার করে অন্য কেউ এই কাজ করেছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে সৌরভের ব্যক্তিগত সহকারীকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৌরভের মতো উচ্চপ্রোফাইল ব্যক্তিত্বকে ঘিরে এমন হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে। প্রয়োজন হলে তাঁর নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছে রাজ্যের নিরাপত্তা বিভাগ।
ঘটনার জেরে সৌরভ-ডোনা পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে হুমকির চিঠির নেপথ্যে কে বা কারা রয়েছে, সেটাই এখন পুলিশের তদন্তের মূল বিষয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

