Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্কুলে যাওয়ার পথেই গুলিতে ঝাঁঝরা প্রধান শিক্ষক, বাইকে চেপে চম্পট দুই আততায়ী!

0 2,873,479

শ্রীতমা ব্যানার্জী : স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে NH27-এর মাদারিপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর শহরের আশ্রমপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার সকালে মোটরবাইকে করে স্কুলের উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে স্কুলে যাওয়ার পথে মাদারিপুর এলাকায়, সকাল সাড়ে ৮টা নাগাদ, পিছন থেকে একটি মোটরবাইকে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর দ্রুত ইসলামপুরের দিকে পালিয়ে যায় তারা।

গুলি লাগার পর গুরুতর আহত অবস্থাতেও হামলাকারীদের পিছু নেওয়ার চেষ্টা করেন নজরুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৫০ মিটার পর্যন্ত মোটরবাইক চালিয়ে যাওয়ার পর রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় এক চা দোকানি মহম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে তিনি দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। তখন তিনি দেখতে পান, দুই হামলাকারী পালানোর চেষ্টা করছে এবং আহত নজরুল তাঁদের পিছু নেওয়ার চেষ্টা করছেন। কিছুটা যাওয়ার পরই তিনি রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, গুলি তাঁর পাঁজরের খাঁচা ভেদ করে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। ঘটনার খবর কীভাবে পরিবারের কাছে পৌঁছেছিল, তা নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নজরুলের স্ত্রী রুকসানা খাতুন জানিয়েছেন, স্বামী বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পর একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে জানানো হয় যে তাঁর স্বামীকে গুলি করা হয়েছে। এমনকী ফোনে তিনি স্বামীর যন্ত্রণার চিৎকারও শুনতে পেয়েছিলেন বলে দাবি করেছেন রুকসানা। পরিবারের দাবি, নজরুলের সঙ্গে কারও কোনও প্রকাশ্য শত্রুতা ছিল না। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁদের এক মেয়ে দিল্লির এইমসের চিকিৎসক হিসেবে কর্মরত। তবে তদন্তে উঠে এসেছে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি সম্ভাব্য সূত্র। পরিবারের দাবি, কয়েক দিন আগে নজরুল একটি জমি বিক্রি করেছিলেন এবং সেখান থেকে বেশ কিছু টাকা পেয়েছিলেন। তাঁর মেয়ে নাইনা জানিয়েছেন, সম্প্রতি কোনও এক ব্যক্তিকে টাকা ধার দেওয়া নিয়ে বাবার সঙ্গে তাঁর ফোনে বচসা হয়েছিল। নাইনার কথায়, গত বৃহস্পতিবার তিনি বাবাকে ফোনে কারও সঙ্গে টাকা ফেরত দেওয়া নিয়ে তর্ক করতে শুনেছিলেন। তবে ওই ব্যক্তি কে, তা তিনি জানেন না।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং শনিবার বিকেলে পুলিশ আধিকারিকদের নিয়ে মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আর্থিক বিবাদের সম্ভাব্য সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু জানানো সম্ভব নয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper