Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“প্রশ্ন নয়, এবার সমাধানের পালা”—NEET বিতর্কে রাঘব চাড্ডার জবাব

0 3,218,988

রাজনন্দিনী ঘোষ : NEET-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনাকে ঘিরে দেশজুড়ে ছাত্র-আন্দোলনের আবহে অবশেষে মুখ খুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই এতদিন এই ইস্যুতে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাঁর দাবি, বিরোধী দলে থাকাকালীন প্রশ্ন তোলাই ছিল তাঁর দায়িত্ব, কিন্তু এখন সরকারপক্ষের সাংসদ হিসেবে সমস্যার সমাধান করাই তাঁর প্রধান কর্তব্য।

রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ) এমেন্ডমেন্ট বিল ,২০২৬ নিয়ে আলোচনায় অংশ নিয়ে রাঘব চাড্ডা বলেন, বহু শুভাকাঙ্ক্ষী তাঁকে নিট ইস্যুতে নীরব থাকার কারণ জানতে চেয়েছিলেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিদিন ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখতে পারতাম, কিন্তু আমি শিরোনাম নয়, ফলাফল চাই। তাই নিজেকে কথা দিয়েছিলাম—যেদিন এই সমস্যার সমাধানের পথে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, সেদিনই সংসদে এই বিষয়ে বলব।”

তিনি আরও বলেন, ছাত্রদের উদ্বেগকে সরকার রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নয়, ভবিষ্যৎ প্রজন্মের ন্যায্য দাবি হিসেবে দেখেছে। সেই কারণেই পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে একাধিক কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

এরপরই রাঘব চাড্ডা সরাসরি আক্রমণ শানান তাঁর প্রাক্তন দল আপ এবং কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলেন, প্রশ্নফাঁস কোনও এক রাজ্য বা একটি দলের সমস্যা নয়; এটি গোটা দেশের একটি সংগঠিত অপরাধচক্রের অংশ। পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যের অতীত প্রশ্নফাঁসের ঘটনাও তুলে ধরেন তিনি।

রাজনৈতিক দলগুলির উদ্দেশেও কড়া বার্তা দেন বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, ছাত্রদের আন্দোলনকে রাজনৈতিক মঞ্চে পরিণত করা উচিত নয়। আন্দোলনের আড়ালে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা না করে, ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। তাঁর কটাক্ষ, “ঝুঁকি নেবে ছাত্ররা, আর রাজনৈতিক নেতারা শুধু রিল বানাবেন—এটা হতে পারে না।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষেই পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ) এমেন্ডমেন্ট বিল , ২০২৬ পাস হয়েছে। সরকারের দাবি, নতুন এই আইনের মাধ্যমে প্রশ্নফাঁস এবং পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper