Khabor Ekhon
“রেশন দুর্নীতির জাল আরও গভীর? একসঙ্গে ১২ ঠিকানায় ইডির হানা!”
শ্রীতমা ব্যানার্জী : রেশন দুর্নীতি ও অর্থপাচার মামলার তদন্তে ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকেই কলকাতাসহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রের খবর, তদন্তে উঠে আসা একাধিক ব্যবসায়ী, সরবরাহকারী এবং রপ্তানিকারকের অফিস ও বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং মুর্শিদাবাদের একাধিক ঠিকানাতেও তল্লাশি চলছে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নতুন অভিযান শুরু হয়েছে।
তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের কাগজপত্র, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য তথ্য সংগ্রহ করছেন ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তবে তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের বহুল আলোচিত রেশন দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি। তদন্তে নতুন তথ্য সামনে আসায় বিভিন্ন সময়ে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এবারও সেই তদন্তের ধারাবাহিকতাতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

