Khabor Ekhon
“সন্ত্রাস দমনে নতুন অধ্যায়—পশ্চিমবঙ্গে চালু NIA-র প্রথম থানা!”
রাজনন্দিনী ঘোষ : অবশেষে পশ্চিমবঙ্গে চালু হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র প্রথম নিবেদিত (Dedicated) পুলিশ স্টেশন। নিউটাউনের এনবিসিসি স্কোয়ারের ১৫ তলায় শুরু হয়েছে এই থানার কাজ। এর ফলে সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্তে আর দিল্লির ওপর নির্ভর করতে হবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পরই NIA-র এই বিশেষ থানাটি চালুর পথ প্রশস্ত হয়। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নতুন পুলিশ স্টেশনটি।
এতদিন কলকাতায় NIA-র শাখা অফিস থাকলেও আলাদা পুলিশ স্টেশন ছিল না। ফলে পশ্চিমবঙ্গে কোনও সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার তদন্তভার NIA নেওয়ার পর এফআইআর নথিভুক্ত করতে হত দিল্লিতে। এরপর সেই এফআইআর কপি কলকাতায় পৌঁছনোর পরেই তদন্ত শুরু করা যেত, যার ফলে প্রশাসনিক জটিলতা ও সময় নষ্ট হত।
নতুন পুলিশ স্টেশন চালু হওয়ায় এখন থেকে পশ্চিমবঙ্গেই সরাসরি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারবে NIA। ফলে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
বর্তমানে মালদহের মোথাবাড়িতে নির্বাচনের আগে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর হামলাসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে NIA।
সূত্রের খবর, বহু বছর ধরেই পশ্চিমবঙ্গে NIA-র পৃথক পুলিশ স্টেশন গঠনের প্রস্তাব ছিল। তবে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি কলকাতায় এক পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত এই পুলিশ স্টেশন চালুর নির্দেশ দেওয়ার পর বিষয়টি নতুন গতি পায়। এরপর রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলতেই শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।
নতুন এই NIA পুলিশ স্টেশন চালু হওয়ায় সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার তদন্ত আরও দ্রুত, দক্ষ ও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

