Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সব্যসাচীকে ঘিরে সোনার রহস্য, ইডির জালে একের পর এক চাঞ্চল্যকর তথ্য!

0 3,217,992

রাজনন্দিনী ঘোষ : দুর্নীতি, তোলাবাজি ও বেআইনি সম্পত্তির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ মোড়। শুক্রবার সকাল থেকে কলকাতার ১২টি স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তদন্তকারীদের দাবি, সম্প্রতি সব্যসাচী দত্তের বাড়ি ও তাঁর নামে থাকা একটি ব্যাঙ্ক লকার থেকে প্রায় ৩.৫ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদ, যা তদন্তকারীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ইডির নজরে এসেছেন তৃণমূল নেত্রী টিনা ভৌমিকও। তদন্তকারীদের দাবি, তিনি সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাঁর বাড়ি থেকেও সোনার সামগ্রী উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ফলে এই বিপুল পরিমাণ সোনা কেনার অর্থের উৎস নিয়ে জোরদার অনুসন্ধান শুরু হয়েছে।

ইডির প্রাথমিক অনুমান, তোলাবাজি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেই এই বিপুল সোনা কেনা হয়ে থাকতে পারে। একই সঙ্গে সব্যসাচী দত্তের আয়ের তুলনায় তাঁর সম্পত্তির পরিমাণ অস্বাভাবিক বলেও অভিযোগ উঠেছে।

এর আগেই রাজ্য পুলিশ সব্যসাচী দত্ত ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। ওই অ্যাকাউন্ট, স্থায়ী আমানত এবং নগদ মিলিয়ে মোট ৩.৭০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।

গত ৯ জুন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সব্যসাচী দত্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সল্টলেকের এক ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের হয়। তদন্ত যত এগোয়, ততই দুর্নীতি, দাদাগিরি ও বেআইনি আর্থিক লেনদেনের একাধিক তথ্য সামনে আসে বলে দাবি তদন্তকারীদের।

রাজনৈতিক জীবনেও সব্যসাচী দত্ত ছিলেন আলোচনায়। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে বিধাননগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। পরে আবার তৃণমূলে ফিরে আসেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে লড়েও জয়ের মুখ দেখেননি।

উল্লেখযোগ্যভাবে, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুও বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। বহু কোটি টাকার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গত মাসে গ্রেফতার করেছে ইডি।

সব্যসাচী দত্তকে ঘিরে সোনা উদ্ধারের এই রহস্য, কোটি কোটি টাকার রসিদ এবং আর্থিক লেনদেনের জটিল সমীকরণ এখন ইডির তদন্তের কেন্দ্রে। আগামী দিনে এই তদন্তে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper