Khabor Ekhon
“বন্দে ভারত না হাইড্রোজেন ট্রেন— আরাম, গতি নাকি সাশ্রয়?”
শ্রীতমা ব্যানার্জী : ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন। পরিবেশবান্ধব প্রযুক্তির পাশাপাশি এই ট্রেনের সবচেয়ে বড় আকর্ষণ এর ভাড়া— মাত্র ৫ টাকা থেকে ২৫ টাকা । ফলে স্বল্প দূরত্বে যাতায়াতকারী সাধারণ মানুষের কাছে এটি হতে পারে অত্যন্ত সাশ্রয়ী বিকল্প।
হরিয়ানার জিন্দ–সোনিপত রুটে চলবে এই হাইড্রোজেন ট্রেন। অপেক্ষাকৃত কম দূরত্বের এই রুটে দৈনন্দিন যাত্রীদের কথা মাথায় রেখেই ভাড়া রাখা হয়েছে অত্যন্ত কম। লক্ষ্য একটাই— পরিবেশবান্ধব গণপরিবহনকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা।
অন্যদিকে, বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের প্রিমিয়াম সেমি-হাইস্পিড পরিষেবা। দেশের বড় বড় শহরকে দ্রুত সংযোগ দেওয়ার উদ্দেশ্যে চালু হওয়া এই ট্রেনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, আরামদায়ক রিক্লাইনিং আসন, সংরক্ষিত সিট, আধুনিক যাত্রীসুবিধা এবং বহু রুটে অনবোর্ড ক্যাটারিং। তাই রুট, দূরত্ব ও কোচের ধরন অনুযায়ী এর ভাড়া কয়েকশো টাকা থেকে ২,০০০টাকার -এরও বেশি হতে পারে।
দুই ট্রেনের উদ্দেশ্যও আলাদা। হাইড্রোজেন ট্রেন মূলত স্বল্প দূরত্বে কম খরচে যাতায়াতের জন্য, আর বন্দে ভারত দীর্ঘপথে দ্রুত ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেয়।
সব মিলিয়ে, অল্প দূরত্বে পকেট বাঁচিয়ে যাতায়াত করতে চাইলে হাইড্রোজেন ট্রেন নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে দীর্ঘ সফরে গতি, আরাম ও আধুনিক পরিষেবাকে গুরুত্ব দিলে বন্দে ভারতই এখনও ভারতীয় রেলের অন্যতম সেরা প্রিমিয়াম বিকল্প।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

