Khabor Ekhon
অ্যান্টি-গুণ্ডা আইন কার্যকর, প্রথম দিনেই রক্তাক্ত বেলঘরিয়া— গ্যাংযুদ্ধে নিহত রাজা দত্ত
রাজনন্দিনী ঘোষ : রাজ্যে নতুন ‘অ্যান্টি-গুণ্ডা আইন’ কার্যকর হওয়ার প্রথম দিনেই ফের রক্তাক্ত উত্তর ২৪ পরগনা। উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খালিশকোটা এলাকায় সোমবার ভোরে প্রতিদ্বন্দ্বী দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের। ঘটনায় আহত হয়েছে তার আরও দুই সঙ্গী। ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খালিশকোটা এলাকায় সোমবার ভোরে মোটরসাইকেলে করে দুই সহযোগীকে নিয়ে পৌঁছায় রাজা দত্ত। সেই সময় সেখানে উপস্থিত হয় প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠী। প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সংঘর্ষ চলাকালীন রাজা দত্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। খুব কাছ থেকে গুলি লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তার দুই সঙ্গীও গুলিবিদ্ধ হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও অভিযুক্তরা ততক্ষণে পালিয়ে যায়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই সহযোগীর চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব এবং পুরনো শত্রুতার জেরেই এই খুন। তদন্তে উঠে এসেছে সুমন নামে এক ব্যক্তির নাম, যার ভূমিকা নিয়েও খোঁজখবর চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে তদন্তকারী দল।তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, সম্প্রতি প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠীর অফিসে ভাঙচুরের ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না। পুলিশের মতে, ওই ঘটনার পর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছিল।
উল্লেখযোগ্যভাবে, সোমবার থেকেই রাজ্যে কার্যকর হয়েছে ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬’। এই আইনে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেই অভিযুক্তকে গ্রেফতার করার ক্ষমতা পেয়েছে পুলিশ। পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং প্রয়োজনে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে এক বছর পর্যন্ত নির্বাসিত করারও বিধান রয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার দিনেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এই রক্তক্ষয়ী গ্যাং-ওয়ারের ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

