Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“চিকিৎসার আশায় গিয়েছিলেন, ফিরলেন আজীবনের ক্ষতি নিয়ে— তোলপাড় ‘সেবাশ্রয়’।”

0 2,134,333

রাজনন্দিনী ঘোষ : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে নতুন করে বিতর্ক দানা বাঁধল। এক মহিলার অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য শিবিরে যাওয়ার পর ভুল চিকিৎসা ও ওষুধের জেরে শেষ পর্যন্ত তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দফতর যেমন পৃথক তদন্ত শুরু করেছে, তেমনই পুলিশও এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে।
অভিযোগকারিণী মালতী বিশ্বাস শুক্রবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রাক্তন নির্বাহী সহকারী সুমিত রায়-সহ মোট ১০ জনের নাম রয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মালতী বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যদের সমস্ত চিকিৎসা-সংক্রান্ত নথি নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির হতে বলা হয়েছে। সেখানে দফতরের শীর্ষ আধিকারিকেরা তাঁদের বক্তব্য শুনবেন, নথিপত্র খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অভিযোগ অনুযায়ী, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য প্রথমে ‘সেবাশ্রয়’ শিবিরে গেলে তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু সেই ওষুধ খাওয়ার পর ব্যথা কমার বদলে আরও বেড়ে যায়। পরে ফের শিবিরে গেলে তাঁকে এম. আর. বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান, ভুল ওষুধের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরবর্তীতে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলেও সংক্রমণ ও জটিলতা এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়।
মালতী বিশ্বাসের আরও দাবি, ঘটনার পর তিনি ‘সেবাশ্রয়’-এর কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিষয়টি জানাতে উদ্যোগী হন। কিন্তু কোথাও কোনও সদুত্তর পাননি বলেই অভিযোগ।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে এ পর্যন্ত মোট ১৭টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে চিকিৎসায় গাফিলতি, অনুমোদন ছাড়া স্বাস্থ্য শিবির পরিচালনা, অযোগ্য চিকিৎসক নিয়োগ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের মতো গুরুতর বিষয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে এবং তদন্ত চলছে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল যেমন সরগরম, তেমনই জনস্বাস্থ্য পরিষেবার মান, জবাবদিহি এবং চিকিৎসা শিবির পরিচালনার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন নজর স্বাস্থ্য দফতরের তদন্ত এবং পুলিশের অনুসন্ধান— অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, তার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper