AB Live News
“বিনিয়োগ, শিল্প, কর্মসংস্থান— ডানকুনি থেকে নতুন বার্তা বাংলার।”
রাজনন্দিনী ঘোষ :হুগলির ডানকুনির মাটিতে শিল্পোন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা। প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগে লাক্স কোজির অত্যাধুনিক গার্মেন্ট উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংস্থার দাবি, নির্মাণ সম্পূর্ণ হলে এটি শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম বৃহৎ গার্মেন্ট উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যেই সরকার এগোচ্ছে। তাঁর কথায়, রাজ্যে আরও দেশি-বিদেশি বিনিয়োগ আসবে, নতুন শিল্প গড়ে উঠবে, আর তার ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে—যাতে বাংলার তরুণদের আর কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে না হয়।
মুখ্যমন্ত্রী দাবি করেন, আইনশৃঙ্খলা সুদৃঢ় করা, তোলাবাজি ও সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটানোই সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর বক্তব্য, গত কয়েক মাসে এই অপসংস্কৃতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং শিল্পপতিদের জন্য নিরাপদ ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকার’ থাকলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থানের সমন্বিত বিকাশের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম বিনিয়োগের গন্তব্যে পরিণত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
ডানকুনির এই মেগা প্রকল্পকে ঘিরে শিল্পমহলে আশাবাদের সুর। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং হুগলি-সহ গোটা দক্ষিণবঙ্গের শিল্প অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

