Khabor Ekhon
কূটনীতির কম্পাস এবার পূর্বের দিকে— জাকার্তা থেকেই নতুন ইন্দো-প্যাসিফিক অধ্যায়ের সূচনা করলেন মোদি
রাজনন্দিনী ঘোষ – রাজনীতির দাবার ছকে কখনও করমর্দনই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী চাল। সেই কূটনৈতিক বার্তাই যেন আরও একবার স্পষ্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিন দেশের গুরুত্বপূর্ণ সফরের প্রথম অধ্যায় শুরু করলেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পা রেখে, যেখানে তাঁকে বিমানবন্দরেই স্বাগত জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবও সুবিয়ানতো — যা আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সফর কেবল সৌজন্য বিনিময়ের নয়; এটি ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, মহাসাগর (MAHASAGAR) ভিশন এবং একটি মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার বৃহত্তর কৌশলের বাস্তব রূপ। ২০১৮ সালে দুই দেশের সম্পর্ক কম্প্রোহেন্সিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ -এ উন্নীত হওয়ার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে এসে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন— ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
রাষ্ট্রনেতাদের বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা, প্রযুক্তি, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই নেতা একসঙ্গে সফর করবেন ঐতিহাসিক প্রমবানান মন্দিরে -এ, যা ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির। এই সফর দুই দেশের হাজার বছরের সভ্যতার বন্ধনকেও নতুনভাবে তুলে ধরবে।
ইন্দোনেশিয়ার পর প্রধানমন্ত্রী যাবেন মেলবোর্নে প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজ -এর আমন্ত্রণে। সফরের শেষ পর্যায়ে তিনি পৌঁছবেন অকল্যান্ড , প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন -এর সঙ্গে বৈঠকের জন্য। এই তিন দেশের সফরকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের কূটনৈতিক যাত্রাপথে তাই জাকার্তা শুধুই একটি গন্তব্য নয়— এটি এক নতুন ভূ-কৌশলগত অধ্যায়ের সূচনা, যেখানে ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও নিরাপত্তার সেতুবন্ধনে আরও দৃঢ় হতে চলেছে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পর্ক।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

