Khabor Ekhon
“ব্রাজিলের জয়ের উল্লাসে ঢাকা পড়ল স্কটল্যান্ডের বাঁচা-মরার লড়াই।”
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে পৌঁছে গেল ব্রাজিল। মিয়ামি স্টেডিয়ামে প্রায় ৬৪ হাজার দর্শকের সামনে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং মাতেউস কুনিয়ার একটি গোলে বড় জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। একইসঙ্গে দীর্ঘ তিন বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন তারকা ফুটবলার নেইমার।এই জয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষস্থান দখল করে শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। অন্য ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মরক্কো।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। স্কট ম্যাককেনার ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে সহজেই গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। প্রথমার্ধে আরও একবার জালে বল জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। তবে বিরতির ঠিক আগে ব্রুনো গিমারায়েসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ৭০ মিনিটের মাথায় গিমারায়েসের আরেকটি অসাধারণ পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মাতেউস কুনিয়া। টুর্নামেন্টে এটি ছিল তাঁর তৃতীয় গোল। তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে শেষদিকে। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন নেইমার। তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে। যদিও গোল করতে পারেননি, তবু তাঁর প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের কাছে ছিল বড় প্রাপ্তি।অন্যদিকে স্কটল্যান্ড পুরো ম্যাচেই ছিল নিষ্প্রভ। আক্রমণে কার্যত কোনো প্রভাব ফেলতে পারেনি তারা। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনের সামনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জও ছুড়ে দিতে ব্যর্থ হয় স্কটিশরা।টানা তিন ম্যাচে গোল করে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস এখন টুর্নামেন্টে চার গোলের মালিক। গোলদাতাদের তালিকায় তিনি কিলিয়ান এমবাপে ও এরলিং হলান্ডের সমতায় পৌঁছে গিয়েছেন। তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি।দাপুটে জয়, গ্রুপের শীর্ষস্থান এবং নেইমারের প্রত্যাবর্তন— সব মিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিল শিবির।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

