Khabor Ekhon
বাংলার ভবিষ্যতের কোনও রোডম্যাপ নেই’, বিজেপি বাজেটের সমালোচনায় শুভঙ্কর সরকার
সিদ্ধার্থ চট্টোপাধ্যায়: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, এই বাজেট মূলত প্রচারকেন্দ্রিক এবং রাজ্যের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে কোনও কার্যকর দিশা দেখাতে পারেনি।
কংগ্রেসের দাবি, ₹৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেটে বড় বড় ঘোষণা থাকলেও কর্মসংস্থান, শিল্পায়ন, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে সুস্পষ্ট কোনও রূপরেখা নেই। রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা, শিল্প বিনিয়োগের অভাব এবং কর্মসংস্থান সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি কার্যত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ দলের।
সাংবাদিক সম্মেলনে শুভঙ্কর সরকার বলেন, “বাংলার যুবসমাজ প্রতিশ্রুতি নয়, কর্মসংস্থান চায়। অথচ বাজেটে চাকরি সৃষ্টির কোনও নির্দিষ্ট লক্ষ্য বা শিল্পায়নের স্পষ্ট পরিকল্পনা নেই।”
সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানালেও তার আর্থিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের মতে, রাজস্ব বৃদ্ধির নির্ভরযোগ্য পরিকল্পনা ছাড়া এই ধরনের প্রতিশ্রুতি ভবিষ্যতে রাজ্যের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
অন্নপূর্ণা যোজনার জন্য ₹৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছে প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত উপভোক্তাকে প্রকল্পের আওতায় আনার মতো পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে কারা সুবিধা পাবেন, সেই বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন।
এছাড়াও শিল্প ও প্রযুক্তি খাতে কম বরাদ্দ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, সংখ্যালঘু কল্যাণ খাতে কাটছাঁট এবং পশ্চিমবঙ্গের প্রাপ্য কেন্দ্রীয় বকেয়া আদায়ের বিষয়ে নীরবতার সমালোচনা করেছে কংগ্রেস।
শুভঙ্কর সরকারের বক্তব্য, বাংলার উন্নয়নের জন্য এমন বাজেট প্রয়োজন যা কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সমান গুরুত্ব দেয়। তাঁর অভিযোগ, বর্তমান বাজেট দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কারের পরিবর্তে রাজনৈতিক প্রচারকে বেশি গুরুত্ব দিয়েছে।
প্রদেশ কংগ্রেস জানিয়েছে, ছাত্র-যুব, কৃষক, শ্রমিক, সরকারি কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বার্থে তারা এই বিষয়গুলি বিধানসভার ভিতরে ও বাইরে ধারাবাহিকভাবে তুলে ধরবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

