AB Live News
“ডিএ-র বড় উপহার, এক লক্ষ চাকরির প্রতিশ্রুতি— নতুন বাজেটে বাংলার কর্মী, পড়ুয়া ও মহিলাদের জন্য একগুচ্ছ চমক।”
শ্রীতমা ব্যানার্জী : পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী, মহিলা এবং ছাত্রছাত্রীদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বৃদ্ধি করা হবে।
বাজেটে কর্মসংস্থানের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দফতরের শূন্যপদে এক লক্ষ কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি, রাজ্য পুলিশে ২০ হাজার নতুন পদে নিয়োগের কথাও জানানো হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও এসেছে বড় ঘোষণা। রাজ্য সরকার ও সরকার-পোষিত স্কুলের ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকার বিশেষ বৃত্তির ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজ্যে নতুন মহিলা কলেজ স্থাপন এবং কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
মহিলাদের কল্যাণমূলক প্রকল্পের জন্য বাজেটে বড় অঙ্কের বরাদ্দ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালাতে ৫৫০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি খুব শীঘ্রই “পিঙ্ক কার্ড” চালুর কথাও ঘোষণা করা হয়েছে।
পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড় এলাকায় একটি সমন্বিত গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার কাছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য জমি বরাদ্দের কথাও জানানো হয়েছে। এছাড়াও রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেওয়া হবে এবং একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণাও করা হয়েছে।
অন্যদিকে, বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল বছরে ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। সরকারের দাবি, এই বাজেটের মাধ্যমে কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

