Khabor Ekhon
ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর জয় নিয়ে প্রশ্ন
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের করেছেন। ওই নির্বাচনে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হন।
মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ তৃণমূলের শীর্ষ নেতা ডোলা সেন, ডেরেক ও’ব্রায়েন ও কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আবেদন জমা দেন।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই পরাজয় নিয়ে সরব ছিলেন মমতা। তাঁর অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে এবং জোর করে মানুষের ভোট কেড়ে নেওয়া হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
এটি প্রথমবার নয়, এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে অল্প ব্যবধানে হারের পর কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৩ ধারা অনুযায়ী দুর্নীতি, প্রভাব খাটানো, ঘুষ এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছিলেন। এছাড়াও ভোট গণনার প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগও করা হয়েছিল।
২০২১ সালের নন্দীগ্রাম মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানির সময় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছিল এবং পরে বিচারপতি নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছিল।
ভবানীপুরের নির্বাচনী ফল নিয়ে মমতার এই নতুন আইনি লড়াই রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এখন কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

