Khabor Ekhon
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা, উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল অনুমোদনপত্র
রমিত সরকার, (কৃষ্ণনগর) রাজ্যের সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও সামাজিক কল্যাণের লক্ষ্যে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক শুভ সূচনা হল কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভার বিধায়ক, কৃষ্ণনগর ১ ও ২ নম্বর ব্লকের বিডিও, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকসহ জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন এবং এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের আশা প্রকাশ করেন। তিনি জানান, সমাজের প্রান্তিক ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপভোক্তাদের হাতে অন্নপূর্ণা যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া। মঞ্চ থেকেই একাধিক নির্বাচিত উপভোক্তার হাতে প্রকল্পের অনুমোদন লিপি প্রদান করেন উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। অনুমোদনপত্র পেয়ে উপভোক্তাদের মুখে ছিল সন্তোষের হাসি এবং তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে। এর ফলে বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নতুন এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনাকে স্বাগত জানান।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

