Khabor Ekhon
যদি বেঁচে থাকি, বিজেপিকে সরাবই: মমতা
রাজনৈতিক টানাপোড়েন এবং দলের অভ্যন্তরীণ ডামাডোলের আবহেই রাজপথের আন্দোলনে ফিরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত তৃণমূলের ধরনামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি হুঙ্কার দিলেন, “জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে” (যদি বেঁচে থাকি, বিজেপিকে সরাবই)। একই সঙ্গে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে বলে গুরুতর অভিযোগ তোলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সমস্ত চক্রান্ত ‘বানচাল’ করে দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি পৌঁছন রেড রোডে এবং সেখানে বাবাসাহেব বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অসীমা পাত্রের মতো প্রথম সারির তৃণমূল নেতারা। অম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সোজা চলে যান ধর্মতলার ওয়াই চ্যানেলে, যেখানে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তৃণমূলের ধরনামঞ্চ তৈরি হয়েছিল।
ওয়াই চ্যানেলের ধরনামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সাধারণ মানুষের পাশে থাকার একনিষ্ঠ সৈনিক হিসেবে দাবি করে বলেন, “আমি কারও সুদিনে না-হোক, দুর্দিনে আছি।” বিজেপি ছাড়া দেশের অন্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “বিজেপির যাঁরা বলেছেন, তাঁদের পাশেও ছিলাম।” নির্বাচন-পরবর্তী সময় থেকেই তাঁকে এবং তাঁর দলকে রাজনৈতিকভাবে আটকানোর লাগাতার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “বেআইনিভাবে আমাদের বিধায়ক, কাউন্সিলর এবং দলীয় প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। কিন্তু এভাবে আমাকে আটকানো যাবে না। যেখানে পারব, সেখানেই বসে পড়ব।”
ধরনামঞ্চের এই কড়া ভাষণে গত শনিবার সোনারপুরে ঘটে যাওয়া একটি হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে নেত্রী বলেন, “ওটা একটা গলির মধ্যে ছিল। মাথায় হেলমেট দেওয়া ছিল বলেই রক্ষা, না-হলে পাথরটা সরাসরি ওর মাথায় লাগত।” এর পরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চরম ‘অসহযোগিতা’র অভিযোগ তুলে সরব হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “যখন অত্যন্ত সিরিয়াস অবস্থায় রোগীকে নিয়ে হাসপাতালে গেলাম, তখন বলা হচ্ছে সিইও-র থেকে অনুমতি নিতে হবে। পুলিশ নার্সিং হোমকে থ্রেট করছে। পরে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হল। তখন হাসপাতালের সিইও আমার কাছে এলেন। শোভন চট্টোপাধ্যায়ও সেই সময় আমার সঙ্গে ছিলেন। সিইও আমাদের বললেন, মাফ করবেন, আর চাপ নিতে পারছি না। ভয় দেখানো হচ্ছে।”
উল্লেখ্য, ভোট-পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে প্রথমে রানি রাসমণি অ্যাভিনিউতে এই ধরনা কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে মাইক ব্যবহারের বা ধরনা করার অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “আমাদের এখানে ধরনায় মাইকের অনুমতি দেওয়া হয়নি। হ্যান্ড মাইক নিয়ে বলতে হচ্ছে। বাবা সাহেব অম্বেডকরের মূর্তিতে মালা দিতে কি আমাকে আটকাতে পেরেছে বা জানতে পেরেছে? আমি সংবিধান নিয়ে গিয়েছিলাম। মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শপথ নিলাম— এই অত্যাচার যত দিন চলছে, তত দিন মোকাবিলা করব। করেঙ্গে ইয়া মরেঙ্গে (করব নয়তো মরব)।” তিনি আরও অভিযোগ করেন, “আমাকে মারা হয়েছে, ভোট লুট হয়েছে।”
মঙ্গলবার ওয়াই চ্যানেলে তৃণমূলের এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের অনুমতি থাকায় সকাল থেকেই ওয়াই চ্যানেল চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়। বেলা গড়াতেই ধরনামঞ্চে হাজির হন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অশোক দেবের মতো প্রবীণ ও শীর্ষস্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে থিকথিক করছিল ওয়াই চ্যানেল চত্বর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই মুহুর্মুহু ‘জয় বাংলা’ স্লোগান উঠছিল। সমর্থকদের প্রবল উচ্ছ্বাস ও স্লোগানের কারণে নেত্রীকে বারবার নিজের বক্তব্য থামাতে হয়। বক্তব্যের শেষে তিনি জানান, এর পর তৃণমূল নেতৃত্ব একে একে তাঁদের বক্তব্য পেশ করবেন।
তবে এই ধরনা কর্মসূচির অনুমতি পাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপক জটিলতা তৈরি হয়েছিল। রানি রাসমণি অ্যাভিনিউতে অনুমতি না মেলায় সোমবার রাতে পুলিশের তরফে জানানো হয় যে ওয়াই চ্যানেলে কর্মসূচির অনুমতি দেওয়া যেতে পারে, তবে তার জন্য নতুন করে আবেদন করতে হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাত সাড়ে ১২টায় ইমেল পাঠিয়ে পুলিশ বলছে ওয়াই চ্যানেলে কিছু করার জন্য অনুমতি নিতে হবে। এটা কি সম্ভব? তাহলে আগে বলল না কেন? এটা তো বিরোধী স্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা।” এই টানাপোড়েনের পরেও মঙ্গলবার দলীয় নেতৃত্ব ওয়াই চ্যানেলেই সমাবেশ করার সিদ্ধান্ত নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই আন্দোলন এমন এক সময়ে হচ্ছে যখন দলটির অন্দরে তীব্র রাজনৈতিক সংকট ও ফাটল দেখা দিয়েছে। গত রবিবার কালীঘাটে আয়োজিত দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই অনুপস্থিত ছিলেন, যা দলীয় কোন্দলকে প্রকাশ্যে এনে দিয়েছে। এর পাশাপাশি দলীয় বিধায়কদের সই জাল করার ঘটনাকে কেন্দ্র করে চরম বিড়ম্বনার মুখে পড়েছে রাজ্যের পূর্বতন শাসকদল। এই অভ্যন্তরীণ ডামাডোল এবং পুলিশি টালবাহানার মধ্যেই মঙ্গলবার সকালে কালীঘাটে মমতার বাসভবনে বৈঠকে বসেন কুণাল ঘোষ, মদন মিত্র এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেই বৈঠকের পরেই রাজপথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর কৌশল নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও উঠে আসছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করিয়ে দিচ্ছে, অতীতে যখন রাজ্যে তৃণমূলের শাসনকাল ছিল, তখন তৎকালীন বিরোধী দল তথা বর্তমান শাসকদলের বহু কর্মসূচিতে এভাবেই পুলিশি বাধা তৈরি হত। রাজ্যের তৎকালীন বিরোধী নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রায় প্রতিটি সভা বা মিছিল করার জন্য আদালতের দ্বারস্থ হতে হত এবং আদালতের রক্ষাকবচ নিয়েই কর্মসূচি সম্পন্ন করতে হত। আজ যেন ঠিক একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পূর্বতন শাসকদল তৃণমূলকে। সমস্ত বাধা-বিপত্তি ও দলীয় ডামাডোলকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজপথের লড়াই আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কোন মোড় আনে, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

