Khabor Ekhon
মন্দির দর্শন ও গোমাতার সেবায় মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রমিত সরকার, মায়াপুর: মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম নদীয়ার মায়াপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁর মায়াপুর ইসকন মন্দির সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই মায়াপুর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সফর ঘিরে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ আকাশপথে মায়াপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামার পর ইসকন কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানাবেন। এরপর তাঁর মন্দির দর্শন, বিশেষ পুজো, যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং গোশালায় যাওয়ার কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, গোমাতার সেবার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী নিজ হাতে বিশেষ ধরনের লাড্ডু খাওয়াবেন গরুদের।
ইসকনের নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরেও মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি গোশালার অনুষ্ঠান আগে করবেন, না মন্দির দর্শন আগে করবেন, তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। যদিও ইসকন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, তিনি বিশেষ পুজো ও বিগ্রহ দর্শনে অংশ নেবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর নদীয়া জেলায় সেটিই ছিল তাঁর প্রথম প্রশাসনিক কর্মসূচি। তার ঠিক একদিন পরেই মায়াপুর সফর ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অপর্ণা নন্দী বলেন, “আমি ইসকন সূত্রে শুনেছি, মুখ্যমন্ত্রী গোমাতার সেবা করার জন্যই মায়াপুরে আসছেন।”
অন্যদিকে, ইসকনের মুখ্য জনসংযোগ আধিকারিক রমেশ দাস বলেন, “মুখ্যমন্ত্রী মন্দির দর্শনে আসছেন। একইসঙ্গে তিনি পুজোও দেবেন।”
মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে মায়াপুর ইসকন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধা এবং নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

