Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে কালো পলিথিনে সদ্যোজাতের দেহ উদ্ধার, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে

0 879,543,341

রমিত সরকার, নদীয়া : কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে কালো পলিথিনের প্যাকেটের ভিতর থেকে এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাকে ঘিরে হাসপাতালের রোগী পরিবার, চিকিৎসাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক প্রসূতি মহিলা প্রসব যন্ত্রণায় অসুস্থ অবস্থায় কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে আসছিলেন। অভিযোগ, হাসপাতালে পৌঁছনোর আগেই পথের মধ্যেই ওই মহিলার সন্তান প্রসব হয়। তবে জন্মের সময়ই শিশুটি মৃত অবস্থায় ছিল বলে পরিবারের দাবি। পরে মা ও শিশুকে নিয়ে জেলা সদর হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক সদ্যোজাত শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে প্রসূতি মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়।

 

পরিবার সূত্রে আরও জানা যায়, চিকিৎসাধীন ওই মহিলার শরীরে রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের সদস্যরা শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত আনতে যান। অভিযোগ, সেই সময় মৃত সদ্যোজাত শিশুটিকে একটি কালো পলিথিনের প্যাকেটের মধ্যে ভরে হাসপাতাল চত্বরের এক কোণে রেখে চলে যান তাঁরা।

 

এরপর হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো কয়েকটি সারমেয় ওই প্যাকেটটি টেনে বাইরে নিয়ে আসে। প্যাকেট ছিঁড়ে সদ্যোজাত শিশুর দেহাংশ বাইরে বেরিয়ে পড়তেই ঘটনাটি নজরে আসে হাসপাতাল চত্বরে থাকা বহু মানুষের। মুহূর্তের মধ্যেই হাসপাতাল এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ভিতরে নিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে হাসপাতাল কর্মীরা এলাকা পরিষ্কারও করেন।

 

ঘটনায় মানবিকতার প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বহু রোগী পরিবার ও সাধারণ মানুষ। হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মৃত সদ্যোজাত শিশুর দেহ এভাবে হাসপাতাল প্রাঙ্গণে ফেলে যাওয়া নিয়ে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে।

যদিও গোটা ঘটনায় জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষ বা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper