Khabor Ekhon
তৃণমূলের অন্দরে ‘কুরুক্ষেত্র’
বাংলায় ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পর এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে ফাটল ধরল খাস কলকাতায়। উত্তর কলকাতার রাজনীতির ‘মুকুুটহীন সম্রাট’ বলে পরিচিত প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিলেন দলেরই ১০ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সৌজন্য ও শৃঙ্খলাকে একপাশে সরিয়ে রেখে সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে যে ভাষায় দুই নেতা একে অপরকে আক্রমণ করলেন, তাতে স্তম্ভিত রাজনৈতিক মহল থেকে আমজনতা। তৃণমূলের উত্তর কলকাতার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নজিরবিহীন সংঘাতের ঘটনাটি ঘটেছে, যা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।
বিতর্কের সূত্রপাত সুব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি চাঞ্চল্যকর মন্তব্যকে কেন্দ্র করে। উত্তর কলকাতার ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে সুব্রত সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্যকে চ্যালেঞ্জ করে লেখেন, “আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘরছাড়াদের ঘরে ঢোকানো। অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন।” সাংসদের দীর্ঘদিনের পদ আঁকড়ে থাকাকে তীব্র আক্রমণ করে তিনি আরও বলেন, “অনেক হয়েছে এবার ছাড়ুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।” দলীয় কাউন্সিলরের এমন সরাসরি আক্রমণ দেখে কার্যত হতভম্ব হয়ে যান গ্রুপে থাকা বাকি সদস্যরা।
সুব্রত বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের জবাবে শুরুতে মাঠে নামেন সুদীপ-ঘনিষ্ঠ কয়েকজন অনুগামী। তাঁরা শশী পাঁজার উদাহরণ টেনে সুব্রতকে পাল্টা আক্রমণ করে বলেন, “তোমার এমএলএ কী করছে? যাঁর এত পাওয়ার সে নিজের দলের কর্মীদের কেস দিয়ে থানায় বসিয়ে রাখত। এখন উনি কোথায়?” এই প্রশ্নের জবাবে সুব্রত আরও আক্রমণাত্মক হয়ে বলেন, “শশী পাঁজা আর এমএলএ নেই, কিন্তু সুদীপদা এখনও এমপি আর উত্তর কলকাতার প্রেসিডেন্ট।” অর্থাৎ শশী পাঁজার হারের দায় স্বীকার করেও তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পদ ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দেন।
বিতর্ক যখন তুঙ্গে, তখন আসরে নামেন খোদ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দাপুটে ঢঙে তিনি একটি অতি পরিচিত প্রবাদ ব্যবহার করে লেখেন, “এদের একটাই উত্তর। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। জবাব দিও না, আমি দিয়ে দেব।” দলেরই একজন কাউন্সিলরকে পরোক্ষভাবে ‘কুত্তা’ বা কুকুরের সঙ্গে তুলনা করায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অপমানের এই চরম পর্যায়ে পৌঁছে দমে যাননি সুব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনি সপাটে পালটা দিয়ে লেখেন, “দলের কাউন্সিলরকে যে কুত্তা বলে, সে ভুলে যাচ্ছে সে কুত্তার চেয়ারম্যান।” অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে হাতি বা উত্তর কলকাতার সংগঠনের মাথা মনে করেন, তবে তিনি কাদের প্রধান হয়ে বসে আছেন— সেই প্রশ্ন তুলেই সাংসদকে চরম অপমান করেছেন সুব্রত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কলকাতায় তৃণমূলের এই অভ্যন্তরীণ বিস্ফোরণ আকস্মিক নয়। এর পেছনে একাধিক গভীর কারণ রয়েছে। একসময় উত্তর কলকাতার সবক’টি বিধানসভা আসন তৃণমূলের দখলে থাকলেও সাম্প্রতিক নির্বাচনে সাতটির মধ্যে চারটিতেই হারতে হয়েছে শাসকদলকে। বিশেষ করে মানিকতলায় সুদীপ-বিরোধী হিসেবে পরিচিত বিজেপি নেতা তাপস রায়ের বিশাল জয় সুদীপের নেতৃত্বের ব্যর্থতাকেই প্রকট করে দিয়েছে। কর্মীদের অভিযোগ, নির্বাচনের পর বিপদের দিনে যখন দলের নিচুতলার কর্মীদের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল, তখন সাংসদকে কার্যত খুঁজেই পাওয়া যায়নি।
ক্ষোভের আরও একটি বড় কারণ হল ‘পরিবারতন্ত্র’। উত্তর কলকাতায় দলের এমন ভরাডুবির পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার ‘ডেপুটি লিডার’ করায় কর্মীদের মধ্যে পুঞ্জীভূত অসন্তোষ আগ্নেয়গিরির আকার ধারণ করেছে। যোগ্য কর্মীদের বঞ্চিত করে একটি পরিবারকে প্রাধান্য দেওয়ার নীতি মানতে পারছেন না অনেকেই। অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপকে সরিয়ে তাপস রায়কে উত্তর কলকাতার সভাপতি পদের দায়িত্ব দিলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে ফের সুদীপকেই ফিরিয়ে আনেন। কিন্তু এবারের হারের পর দলের অভ্যন্তরে যে ‘ভিসুভিয়াস’ বিস্ফোরণ ঘটেছে, তা সামলানো শীর্ষ নেতৃত্বের পক্ষে কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। সুদীপ বনাম সুব্রত— এই লড়াই আসলে উত্তর কলকাতায় তৃণমূলের সাংগঠনিক কাঠামোর ভেঙে পড়ারই এক স্পষ্ট ইঙ্গিত। দল এখন এই সংকট কীভাবে সামাল দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

