Khabor Ekhon
বাম-ডাকে মমতার ‘ইগো’ ত্যাগ, ‘চোর-তোলাবাজ’ তকমা দিয়ে প্রস্তাব ওড়ালেন সেলিম-সুজন-শতরূপরা
বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার পর বিধানসভার অলিন্দে এখন উলটপুরাণ। একদা যাদের ‘শূন্য’ করে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন, আজ সেই বামপন্থীদের দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে অতিবাম থেকে শুরু করে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। কিন্তু সেই প্রস্তাবের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই প্রত্যাশিতভাবে প্রত্যাঘাত এল আলিমুদ্দিনের তরফে। মহম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী বা শতরূপ ঘোষ— বাম শিবিরের শীর্ষ নেতৃত্ব একযোগে জানিয়ে দিলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনও শক্তির সঙ্গে জোট তো দূরস্ত, আলোচনার টেবিলে বসতেও তাঁরা নারাজ।
ভোটের ফল প্রকাশের পর কার্যত কোণঠাসা ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, “আমরা সবাই চাই একটা যৌথ মঞ্চ তৈরি হোক, যেখানে সমস্ত বিজেপি বিরোধী দল থাকবে। আপনারা যদি বলেন বামপন্থী, তাহলেও আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়ে চলতে চাই। আজকে যা অবস্থা তাতে বিজেপিকে রুখতে হলে অতিবাম থেকে জাতীয় যে সমস্ত দল রয়েছে, সবাইকে চাই। দিল্লিতে যেমন আমরা লড়াই করব, তেমন বাংলায় আসুন জোট বাঁধি।” মমতার এই ‘ইগো’ বিসর্জন এবং বামেদের প্রতি নমনীয় মনোভাব ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। অনেকে একে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখলেও, বামেরা একে ‘মরণকামড়’ হিসেবেই ব্যাখ্যা করছে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় সরাসরি তোপ দেগে মমতার এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তাঁর সাফ কথা, “একেবারেই নয়! অপরাধমূলক কাজ, তোলাবাজি, দুর্নীতি কিংবা সাম্প্রদায়িক পটভূমি রয়েছে এমন কারও কোনও প্রবেশাধিকার আমাদের লড়াইয়ে নেই। আমাদের লক্ষ্য সাধারণ মানুষ এবং প্রান্তিক মানুষদের সুরক্ষা দেওয়া, কোনও দুর্নীতিগ্রস্ত দলকে অক্সিজেন দেওয়া নয়।” সেলিমের এই কড়া অবস্থান বুঝিয়ে দিয়েছে যে, বিধানসভায় খাতা খোলার পর বামেরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা তৃণমূলের ছায়া মাড়াতেও অনিচ্ছুক।
একই সুর শোনা গিয়েছে প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। তিনি মমতার অতীত মনে করিয়ে দিয়ে তীব্র কটাক্ষ করেছেন। সুজনবাবুর বক্তব্য, “ওনার আমলেই তো বিজেপি বাংলায় ডালপালা মেলেছে। উনিই তো একসময় বলেছিলেন বিজেপি ওনার ন্যাচারাল অ্যালাই বা স্বাভাবিক মিত্র। উনিই তো বিজেপিকে ফ্রন্টে এনে লড়ার কথা বলেছিলেন। আজ রাজ্যে বিজেপি সরকার গড়েছে ওনারই সৌজন্যে। উনি বিজেপিকে বাংলায় ইনস্টল করে দিয়েছেন। এটা ওনার ঐতিহাসিক অপরাধ। আজ সেই দায় এড়াতে বামেদের ডাকলে লাভ হবে না।”
তরুণ নেতা শতরূপ ঘোষ অবশ্য আক্রমণ করেছেন আরও চাঁছাছোলা ভাষায়। মমতার জোটের বার্তাকে কার্যত নস্যাৎ করে দিয়ে শতরূপ বলেন, “বাম বিদায়ের সময় রাজ্যে বিজেপির অস্তিত্ব ছিল না বললেই চলে। এখন তারা নবান্নে। আপনার মতো চোরকে আমরা সঙ্গে নেব না। ফালতু কথা বলা বন্ধ করুন। বরং নিজের ভাইপো আর দলের নেতাদের অঢেল সম্পত্তি কী করে রক্ষা করবেন, সেটা নিয়ে ভাবুন।” শতরূপের এই আক্রমণাত্মক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
এদিকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চাপানউতোর নিয়ে বিশেষ আমল দিতে নারাজ। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বঙ্গ রাজনীতিতে সম্পূর্ণ ‘অপ্রাসঙ্গিক’। তাঁর কোনও মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেওয়াও অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে ডোমকলের মতো আসনে বামেদের জয় এবং কংগ্রেস ও আইএসএফের আসন প্রাপ্তি বাম-গণতান্ত্রিক ফ্রন্টকে নতুন অক্সিজেন দিয়েছে। অন্যদিকে তৃণমূলের জনভিত্তি আলগা হতেই মমতার এই ‘বাম প্রেম’ আসলে বিজেপি বিরোধী ভোটকে এককাট্টা করে পুনরায় প্রাসঙ্গিক হওয়ার মরিয়া চেষ্টা। তবে সেলিম-সুজনদের এই ‘সাফ না’ বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তাতে কোনও সন্দেহ নেই। এক সময়ের ‘চিরশত্রু’ বামেদের কাছে সাহায্য চেয়ে এভাবে প্রত্যাখ্যান পাওয়ার ঘটনাকে মমতার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ধাক্কা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

