Khabor Ekhon
ভোট মিটতেই অগ্নিমূল্য বাজার: এবার লিটারে ৫ টাকা পর্যন্ত বাড়তে পারে তেলের দাম
উৎসবের মরসুম কাটতে না কাটতেই এবার মধ্যবিত্তের পকেটে বড়সড় টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচ রাজ্যের হাইভোল্টেজ নির্বাচন মিটতেই ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী ১৫ মে-র আগেই আকাশছোঁয়া হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। একইসঙ্গে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সরকারের উচ্চমহলে এই বিষয়ে প্রাথমিক রূপরেখা তৈরি হয়ে গিয়েছে এবং আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। প্রাথমিক আভাস অনুযায়ী, লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের।
দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও ভারতের খুচরো বাজারে তার প্রভাব পড়তে দেয়নি সরকার। বিশেষ করে পশ্চিম এশিয়ায় ইজরায়েল ও লেবাননের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়লেও নির্বাচনী বৈতরণী পার করতে এতদিন দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। কিন্তু ভোটপর্ব মিটতেই সেই ‘ভর্তুকি’ তুলে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। তেল বিপণনকারী সংস্থাগুলি (ওএমসি) দীর্ঘদিন ধরেই সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। কারণ, বর্ধিত উৎপাদন খরচ নিজেরাই বহন করতে গিয়ে সংস্থাগুলি প্রতি মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। বিপণন সংস্থাগুলির দাবি, ক্রমাগত এই বিপুল লোকসান বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ফলে সেই লোকসানের ভার এবার আমজনতার কাঁধেই চাপতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই আশঙ্কার মধ্যেই আশনি সংকেত দেখা দিয়েছে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে। শুক্রবার একধাক্কায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। রান্নার গ্যাসের পাশাপাশি কোপ পড়েছে পরিবহণ ক্ষেত্রেও। অটোর এলপিজির দাম লিটারে ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাণিজ্যিক গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর এবার মধ্যবিত্তের হেঁশেলের ১৪.৫ কেজির সিলিন্ডারের দামও একধাক্কায় অনেকটা বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মাসিক বাজেটে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর। পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ার ফলে সবজি থেকে শুরু করে মাছ-মাংস এবং অন্যান্য খাদ্যদ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করবে। এর ফলে দেশে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং মুদ্রাস্ফীতির প্রভাব যাতে ন্যূনতম থাকে, সেদিকে কড়া নজর রাখা হবে। তবে সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে, তেলের দাম একবার বাড়লে তার প্রভাবে বাজারের আগুন নেভানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। পঁচিশে বৈশাখের সকালে যখন রাজ্যে নতুন সরকারের শপথ নিয়ে ব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই দিল্লি থেকে আসা এই মূল্যবৃদ্ধির খবর মধ্যবিত্ত বাঙালির কপালে দুশ্চিন্তার ভাঁজ গভীর করেছে। ১৫ মে-র সময়সীমা যত এগিয়ে আসছে, ততই আতঙ্ক বাড়ছে পেট্রোল পাম্প থেকে শুরু করে গৃহিণীদের হেঁশেলে। সব মিলিয়ে ভোট পরবর্তী সময়ে আমজনতার ‘আচ্ছে দিন’ এখন অগ্নিমূল্য বাজারের তলায় চাপা পড়ার উপক্রম হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

