Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পোশাক পাচার রুখল বিজেপি

0 734,876,305

কাঁকসা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই সরকারি স্কুলের ইউনিফর্ম ‘চুরি’ ও পাচারের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের কাঁকসা। বিডিও অফিস সংলগ্ন একটি ক্লাব থেকে বস্তা বস্তা ‘বিশ্ব বাংলা’ লোগো লাগানো স্কুল পোশাক পাচারের চেষ্টার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির দাবি, নতুন সরকার গঠনের আগেই প্রমাণের লোপাট এবং দুর্নীতির মালপত্র সরিয়ে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ কিছু অসাধু ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা বিডিও অফিস সংলগ্ন একটি নামী ক্লাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি কয়েক হাজার স্কুল পোশাক মজুত করে রাখা ছিল। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকেই নিয়মমাফিক ওই পোশাক বিতরণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ দেখা যায়, একদল মহিলা ওই ক্লাবের তালা খুলে তড়িঘড়ি পোশাকের বস্তাগুলো বের করে নিয়ে আসছেন এবং বাইরে অপেক্ষারত টোটোয় সেগুলো তোলা হচ্ছে। ঘটনাটি স্থানীয় বিজেপি কর্মীদের নজরে আসতেই তারা সক্রিয় হয়ে ওঠেন। এলাকায় জড়ো হন প্রচুর গেরুয়া সমর্থক। পোশাক বোঝাই টোটোটিকে মাঝরাস্তায় আটকে দেন তাঁরা।

বিজেপি কর্মীদের জেরার মুখে মেজাজ হারান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কাদের নির্দেশে এবং কোথায় এই পোশাক নিয়ে যাওয়া হচ্ছিল, তার সদুত্তর দিতে না পেরে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেন বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, রাজ্যে তৃণমূল জমানার অবসান এখন সময়ের অপেক্ষা। তাই পরাজয় নিশ্চিত জেনে সরকারি সম্পদ চুরি করার এবং দুর্নীতির তথ্যপ্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে। তাঁদের অভিযোগ, বিডিও অফিসের এত কাছে অবস্থিত একটি ক্লাব থেকে প্রশাসনের অলক্ষ্যে এই বিপুল পরিমাণ পোশাক পাচার হওয়া অসম্ভব। এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র বা প্রভাবশালী মহলের হাত রয়েছে বলেই মনে করছেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত। উত্তেজিত বিজেপি কর্মীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। বিডিও-র উপস্থিতিতেই টোটো থেকে পোশাকের বস্তাগুলি নামিয়ে পুনরায় ওই ক্লাবের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিডিও-র সামনেই ক্লাবের ওই ঘরে বড় তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা। বিডিও সৌরভ গুপ্ত জানিয়েছেন, ঠিক কী কারণে এবং কাদের নির্দেশে এই পোশাক অন্যত্র সরানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি নথি এবং স্টক রেজিস্টার মিলিয়ে দেখা হবে। এই ঘটনায় কোনো রকম প্রশাসনিক গাফিলতি বা অসৎ উদ্দেশ্য থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ দিনের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমায় রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা-কর্মীরা স্লোগান তুলে দাবি করেন, তৃণমূলের ‘চুরির অভ্যেস’ শেষবেলায় এসেও যায়নি। সরকারি ইউনিফর্ম চুরির এই প্রচেষ্টাকে তাঁরা তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে এই বিপুল পরিমাণ পোশাক পাচারের চেষ্টাকে কেন্দ্র করে জনমানসে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকা আপাতত থমথমে, পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper