Khabor Ekhon
চন্দ্রনাথ খুনে নয়া মোড়
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। পুলিশের দাবি, খুনিরা অত্যন্ত পেশাদার এবং গোটা অপারেশনটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে চালানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তা স্পষ্ট জানিয়েছেন, খুনে ব্যবহৃত ঘাতক গাড়িটির নম্বর প্লেটটি ছিল সম্পূর্ণ ভুয়ো। শুধু তাই নয়, তদন্তে বাধা দিতে আততায়ীরা গাড়ির চ্যাসিস নম্বর পর্যন্ত মুছে ফেলেছে।
তদন্তকারী অফিসারদের দাবি, এই হত্যাকাণ্ডে কেবল একটি চারচাকা গাড়ি নয়, ব্যবহার করা হয়েছিল দুটি বাইকও। ধাওয়া করার সময় আততায়ীরা একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, দোলতলা সাহারা ব্রিজের কাছে বিকেল ৩টে ৫৭ মিনিট নাগাদ ওই সন্দেহভাজন চারচাকা গাড়িটিকে শেষবার দেখা গিয়েছিল। পুলিশের অনুমান, খুনিরা এলাকা ছাড়ার জন্য একাধিক রুট ব্যবহার করেছে এবং পুলিশের নজর এড়াতে অত্যন্ত ধূর্ততার পরিচয় দিয়েছে।
ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেটটি আসলে শিলিগুড়ি আরটিও-র অধীনে নথিভুক্ত অন্য একটি গাড়ির। শিলিগুড়ির ওই গাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তাঁর গাড়িটি বর্তমান সময়ে শিলিগুড়িতেই রয়েছে। এর থেকেই স্পষ্ট যে, পুলিশকে বিভ্রান্ত করতে অন্য রাজ্যের বা শহরের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ঘাতক গাড়িটির ইঞ্জিন ও জানলার কাছে থাকা চ্যাসিস নম্বরগুলিও ঘষে বিকৃত করে দেওয়া হয়েছে যাতে গাড়ির আসল মালিকের পরিচয় কোনওভাবেই সামনে না আসে।
এদিন ডিজি ছাড়াও ঘটনাস্থলে যান এডিজি এবং আইজি পদমর্যাদার উচ্চপদস্থ কর্তারা। ফরেনসিক বিশেষজ্ঞরাও প্রাথমিক নমুনা সংগ্রহ করেছেন। পুলিশের দাবি, নম্বর প্লেট ও চ্যাসিস নম্বরের এই জালিয়াতি প্রমাণ করছে যে অপরাধীরা দীর্ঘদিন ধরে চন্দ্রনাথ রথের গতিবিধির ওপর নজর রাখছিল এবং খুনের পর পালানোর জন্য ব্লু-প্রিন্ট তৈরি করে রেখেছিল। ওই দুটি বাইকের নম্বর প্লেটও ভুয়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার কিনারে আনতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দেওয়া এই খুনের নেপথ্যে কারা রয়েছে, তা জানতে বিভিন্ন টোল প্লাজা ও রাস্তার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে লালবাজার ও জেলা পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

