Khabor Ekhon
নজরে চুঁচুড়া, দ্রুত ফল মেটিয়াব্রুজে
অপেক্ষার প্রহর শেষ। দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েন, প্রচারের ঝড় আর দফায় দফায় ভোটের পর আজ সেই অন্তিম মুহূর্ত। সোমবার সকাল ৮টা থেকেই রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভাগ্যনির্ধারণ শুরু হতে চলেছে। গোটা দেশের নজর এখন বাংলার দিকে— জনতা কি প্রত্যাবর্তনের হ্যাটট্রিক করবে নাকি পরিবর্তনের নতুন ইতিহাস লিখবে, তা আর কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে এবারের গণনায় ভৌগোলিক এবং কৌশলগত কারণে সব কেন্দ্রের ফল একই সময়ে আসবে না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাউন্ড সংখ্যার তারতম্যের কারণে কোথাও ফল আসবে ঝড়ের গতিতে, আবার কোথাও চূড়ান্ত জয়ী প্রার্থীর নাম জানতে বিকেল গড়িয়ে যেতে পারে। বিশেষ করে হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্র নিয়ে এবার কৌতূহল তুঙ্গে, কারণ সেখানে রাউন্ড সংখ্যা রাজ্যের মধ্যে সর্বাধিক। অন্যদিকে, মেটিয়াব্রুজের মতো কেন্দ্রে ফলাফল স্পষ্ট হয়ে যাবে অনেক আগেই।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করে দিয়েছেন যে, গণনাকেন্দ্রের নিরাপত্তায় বিন্দুমাত্র আপস করা হবে না। প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে প্রতিটি ইভিএম খোলা হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের মোট ৭৭টি গণনা কেন্দ্রে ৪৫৮টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে। এবারের নির্বাচনে ফলতা বাদে বাকি ২৯৩টি আসনেই আজ ভোট গণনা। গণনা প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে কমিশন এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। সাধারণ পর্যবেক্ষকদের পাশাপাশি বেশ কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ কাউন্টিং অবজার্ভার বা গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসারের বিশেষ অনুমতি ছাড়া গণনাকেন্দ্রের ভেতরে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা বা গণনায় দেরি সহ্য করা হবে না।
তবে রাউন্ড বিন্যাসের কারণে চুঁচুড়া কেন্দ্রে ফল ঘোষণা হতে সবচেয়ে বেশি দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কেন্দ্রে এবার মোট ২৭ রাউন্ড গণনা হবে, যা গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। চুঁচুড়ায় এবার রাজনৈতিক লড়াইও বেশ আকর্ষণীয়, কারণ এখানে ঘাসফুল শিবিরের হয়ে লড়ছেন তৃণমূলের দাপুটে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর বিপরীতে গেরুয়া শিবিরের প্রার্থী সুবীর নাগ। ২৭ রাউন্ডের দীর্ঘ লড়াই শেষে দেবাংশু জয়ের হাসি হাসেন কি না, তা জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ঠিক উল্টো চিত্র দেখা যাবে মেটিয়াব্রুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিনটি কেন্দ্রে মাত্র ১০ রাউন্ড করে গণনা হবে। ফলে এই আসনগুলির জয়-পরাজয়ের ছবি সম্ভবত সকাল ১০টা বা সাড় ১০টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ভিআইপি কেন্দ্রগুলোর মধ্যে ভবানীপুর নিয়ে উন্মাদনা সবচেয়ে বেশি। এই কেন্দ্রে ২০ রাউন্ড গণনা হবে। অন্যদিকে, নন্দীগ্রাম যেখানে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াই করছেন, সেখানে ১৮ রাউন্ডে ভাগ্যনির্ধারণ হবে। গণনার প্রতিটি রাউন্ড শেষে তথ্য আপলোড করার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে কোনওরকম বিভ্রান্তি না ছড়ায়। সব মিলিয়ে আজ সকাল থেকেই এক স্নায়ুযুদ্ধের সাক্ষী হতে চলেছে বাংলা, যেখানে প্রতি রাউন্ডের শেষে বদলে যেতে পারে জয়ের সমীকরণ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

