Khabor Ekhon
সবুজ ঝড়ের অপেক্ষায় বাংলা: কুণাল ঘোষ
আজ সেই মাহেন্দ্রক্ষণ। আজ বাংলার ভাগ্যনির্ধারণের দিন। সমস্ত জল্পনা, উত্তেজনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল থেকেই শুরু হচ্ছে ভোটগণনা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য ফেরা নিশ্চিত। গণনার ট্রেন্ড আসার আগেই রাজনৈতিক মহলে এবং জনমানসে একটি শব্দই প্রতিধ্বনিত হচ্ছে— প্রত্যাবর্তন। বাংলার রাজনৈতিক মানচিত্র বলছে, আজ মা-মাটি-মানুষের সরকারের টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরা কেবল সময়ের অপেক্ষা। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক পরবর্তী জমানার সূচনা হতে চলেছে এক বিশাল সবুজ ঝড়ের হাত ধরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা গতবারের সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে। আজ কেবল জয় নয়, আজ বাংলার ঘরের মেয়ের কাছে বহিরাগত শক্তির পরাজয়ের ইতিহাস রচিত হওয়ার দিন।
এই নির্বাচনের প্রেক্ষাপট ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। দিল্লির বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে ১৯টি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং গেরুয়া শিবিরের সমস্ত হেভিওয়েট নেতারা মাসাধিককাল বাংলায় আস্তানা গেড়েছিলেন। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনকে কার্যত নিজস্ব সংস্থায় পরিণত করে, কেন্দ্রীয় বাহিনী আর এজেন্সির ভয় দেখিয়ে বাংলা দখলের এক মরিয়া চেষ্টা চালিয়েছিল বিজেপি। কিন্তু বাংলার নাড়ি যারা বোঝেন, তারা জানতেন— মাটির টান আর উন্নয়নের শিকড় উপড়ানো এত সহজ নয়। আজ সেই সমস্ত ‘বহিরাগত জমিদারদের’ স্বপ্ন চুরমার হতে চলেছে। বাংলার মানুষ আবারও প্রমাণ করতে চলেছে যে, তারা উন্নয়নের পক্ষে, তারা বিশ্বাসের পক্ষে।
তৃণমূলের এই সম্ভাব্য জয়ের নেপথ্যে রয়েছে গত ১৫ বছরের তিলে তিলে গড়ে ওঠা জনভিত্তি। ৩৪ বছরের বাম অপশাসনের জগদ্দল পাথর সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তনের সূচনা করেছিলেন, তা আজ এক মহীরুহে পরিণত হয়েছে। ২০১১ এবং ২০১৬-র পর এবারও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। এর প্রধান কারণ সরকারের বিপুল জনমুখী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বিশেষ করে মহিলারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কথা দিয়ে কথা রাখার যে সংস্কৃতি তৃণমূল নেত্রী তৈরি করেছেন, তার প্রতিফলন আজ ব্যালট বাক্সে দেখা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা বুঝিয়ে দিয়েছেন, তারা দিল্লির চক্রান্ত নয়, বরং বাংলার মেয়ের আশীর্বাদকেই বেছে নিয়েছেন।
ব্যক্তিগত ক্যারিশমা এবং অদম্য জেদ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। হুইলচেয়ারে বসে ভাঙা পায়ে গোটা বাংলা চষে বেড়ানো বা একক শক্তিতে বিজেপির বিশাল নির্বাচনী যন্ত্রপাতির মোকাবিলা করা— মমতার এই লড়াকু ভাবমূর্তি আমজনতাকে উদ্বুদ্ধ করেছে। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষুরধার নেতৃত্ব দলকে তৃণমূল স্তর পর্যন্ত আরও শক্তিশালী ও সংহত করেছে। উল্টোদিকে, বিরোধী শিবিরের দৈন্যদশা তৃণমূলের পথকে আরও প্রশস্ত করেছে। বামেরা আজ অপ্রাসঙ্গিক, কংগ্রেসের অস্তিত্ব খুঁজতেই দূরবিন লাগছে। আর বিজেপি? তারা কেবল বিভাজনের রাজনীতি আর কুৎসা নিয়েই ব্যস্ত ছিল। বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা এবং বাঙালির আবেগ বুঝতে তারা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বা বাঙালিদের ‘বাংলাদেশি’ দাগিয়ে দেওয়ার রাজনীতি বাংলার মানুষ ভালোভাবে নেয়নি।
কেন্দ্রীয় বঞ্চনা এবারের নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, আবাস যোজনার বকেয়া না দেওয়া এবং জিএসটির টাকা তুলে নিয়ে গিয়ে বাংলাকে ভাতে মারার চক্রান্ত ভোটাররা ভোলেননি। সাধারণ মানুষ বুঝেছেন, বিজেপি জিতলে বাংলার প্রাপ্য আরও সঙ্কুচিত হবে। একইসঙ্গে, নির্বাচন চলাকালীন কমিশনের অতি-সক্রিয়তা বা নজিরবিহীনভাবে প্রশাসনে রদবদল সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছিল। মুখ্যসচিব থেকে শুরু করে ছোট-বড় আধিকারিকদের ভিনরাজ্যে বদলি করে বাংলা দখলের যে ব্লুপ্রিন্ট বিজেপি সাজিয়েছিল, আজ তা মুখ থুবড়ে পড়বে। এজেন্সির বাড়াবাড়ি এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আজ ব্যালটেই জবাব দেবে বাংলা। ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন, তা মানুষের মনে এই বিশ্বাস গেঁথে দিয়েছে যে, তৃণমূলই তাদের একমাত্র রক্ষাকর্তা। সাম্প্রদায়িক মেরুকরণ আর বিভাজনের ছক কাটিয়ে আজ সম্প্রীতির জয়গান গাইবে বাংলা। আজ বিকেলের আকাশ আবিরে লাল নয়, বরং ঘাসফুলের সবুজ রঙে রাঙিয়ে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে গোটা রাজ্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

