Khabor Ekhon
ব্যর্থ রাহুলের সেঞ্চুরি, ম্যাচ জিতে টেবিলের শীর্ষেই পঞ্জাব

যাবতীয় সমালোচকদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে আইপিএলে নতুন ইতিহাস লিখলেন কেএল রাহুল। শনিবারের দুপুরে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে তাঁর ব্যাটে দেখা গিয়েছে ঝোড়ো ইনিংস। ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তুলল ২৬৪। তবে জলে গেল কেএল রাহুলের ‘অতিমানবীয়’ শতরান। জবাবে পঞ্জাবের দুই ওপেনার এমন ঝড় তুললেন, তাতে তাঁদের ইনিংস শেষ হয় ১৮.৫ ওভারে ৪ উইকেট ২৬৫ রানে। এদিন ৬ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব।
পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে রাহুলকে। প্রথম থেকেই দেড়শোর বেশি স্ট্রাইক রেটে ইনিংস সাজান। ম্যাচ যত গড়িয়েছে, রাহুলের স্ট্রাইক রেটও বাড়ে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত তারকা ওপেনার ১৫২ রানে অপরাজিত থেকে গেলেন। আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের নজির গড়লেন তিনি। ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপও। একঝাঁক রেকর্ড গড়লেন ঝোড়ো ব্যাটিংয়ে।
দারুণ ব্যাটিং করলেন নীতীশ রানাও। ৪৪ বলে তাঁর ব্যাট থেকে এল ৯১ রান। তাঁদের পার্টনারশিপে উঠল ২২০ রান, আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ঘরের মাঠে ২৬৪ রান তুলল দিল্লি ক্যাপিটালস। জবাবে একেবারে তুরীয় মেজাজে শুরু করলেন পঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং। দুই ওপারের বিধ্বংসী ব্যাটিংই পাওয়ার প্লে-তে পঞ্জাবকে পৌঁছে দিল বিনা উইকেটে ১১৬ রানে। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোরের দিক থেকে যা দ্বিতীয় সেরা। এর মধ্যে ষষ্ঠ ওভারে মুকেশ কুমারকে ৬ বলে ছ’টা চার মারলেন প্রভসিমরন। দু’বছর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই এই রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
তবে পাওয়ার প্লে-র পরের ওভারে পঞ্জাবকে প্রথম ধাক্কা দিলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। ১৭ বলে ৪৩ রানে সাজঘরে ফিরলেন প্রিয়াংশ। খানিক পরেই কুলদীপ ফেরালেন বিপজ্জনক হয়ে ওঠা প্রভসিমরনকেও। ২৬ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে মারলেন ৯ চার, ৫ ছক্কা। রান পেলেন না কুপার কনলি (১৭)। এরপর খেলা জমিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার (৩৬ বলে ৭১)। তবে মাঝে অবশ্য দেখা গেল দিল্লির করুণ ফিল্ডিংও। শেষ পর্যন্ত রেকর্ড রান তাড়া করে জিতল পঞ্জাব কিংস। অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের একেবারে মগডালে রয়েছে তারা। দিল্লির হয়ে এদিন ২টি উইকেট নিয়েছেন কুলদীপ।
অন্যদিকে, এই ম্যাচে ফিল্ডিং করার সময়ে মাথায় ভয়ংকর চোট পেলেন লুঙ্গি এনগিডি। ঘটনাটি ঘটে তৃতীয় ওভারের তৃতীয় বলে ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পান তিনি। জখম এতটাই গুরুতর যে দক্ষিণ আফ্রিকান পেসারকে মাঠ থেকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠে নেমেছেন দুষ্মন্ত চামিরা। গোটা ঘটনার জন্য প্রায় ১৫ মিনিট ম্যাচ বন্ধ থাকে। সবমিলিয়ে ক্রিকেটমহলে উদ্বেগ বাড়ছে এনগিডিকে নিয়ে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

