Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বৃহস্পতিবার অগ্নিপরীক্ষা: ভাগ্য নির্ধারণে নামছেন ৩.৬ কোটি ভোটার

0 817,956,475

 আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ১৬টি জেলাজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই দফায় ১৫২টি আসনের প্রার্থীদের ভাগ্য বন্দি হবে ইভিএমে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের প্রথম দফায় মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন পুরুষ এবং ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন মহিলা ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৬৫। এছাড়া ট্রাইব্যুনালের নির্দেশে শেষ মুহূর্তে ভোটাধিকার ফিরে পেয়েছেন আরও ১৩৯ জন। ভোটের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন। শান্তি বজায় রাখতে প্রথম দফাতেই মোতায়েন করা হচ্ছে রেকর্ড সংখ্যক ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে প্রায় ৫ লক্ষ কর্মী মোতায়েন থাকছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নজরদারি থাকছে মুর্শিদাবাদে, যেখানে মোট ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, পাহাড়ে কালিম্পং জেলায় সবচেয়ে কম অর্থাৎ ২১ কোম্পানি বাহিনী থাকছে। অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে প্রতিটি বুথেই হবে ওয়েব কাস্টিং।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় মোট বুথের সংখ্যা ৪৪,৩৭৬টি। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার থাকছেন। এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ চোখে পড়ার মতো; ১৮ থেকে ১৯ বছর বয়সি ৪.০৫ লক্ষ নতুন ভোটার প্রথমবার তাঁদের রায় দেবেন। পাশাপাশি, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দফায় ৬৩ লক্ষের বেশি ষাটোর্ধ্ব এবং ২.৫৩ লক্ষ প্রতিবন্ধী ভোটার রয়েছেন। ১০০ বছর বা তার বেশি বয়সি ভোটার রয়েছেন ৪,০২৫ জন। রাজনৈতিক সমীকরণের বিচারে এই ১৫২টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের নির্বাচনে এর মধ্যে ৯২টি আসন ছিল তৃণমূলের দখলে এবং ৫৯টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কালিম্পঙের একটি আসন পেয়েছিল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এবার ১৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে, যার মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন। কোচবিহার দক্ষিণ ও উত্তর দিনাজপুরের কিছু কেন্দ্রে সর্বোচ্চ ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভৌগোলিক ও জনবিন্যাসের নিরিখেও এবারের প্রথম দফার তালিকায় রয়েছে বৈচিত্র। আয়তনে সবচেয়ে ছোট কেন্দ্র শিলিগুড়ি হলেও সবচেয়ে বড় কালিম্পং। আবার ভোটার সংখ্যার নিরিখে পশ্চিম মেদিনীপুরের দাসপুর সবচেয়ে বড় এবং মুর্শিদাবাদের শমসেরগঞ্জ সবচেয়ে ছোট কেন্দ্র। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মকপোলের মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে এবং সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এখন দেখার, এই বিপুল সংখ্যক মানুষের জনমত কোন দিকে যায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper