Khabor Ekhon
ভাতা-যুদ্ধে স্মৃতির বড় ঘোষণা
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনীতির ময়দানে এখন সবথেকে বড় চর্চার বিষয় ‘লক্ষ্মীর ভান্ডার’ বনাম বিজেপির ঘোষিত তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাতার প্রতিশ্রুতি। সোমবার কলকাতায় এসে এই উত্তপ্ত বিতর্কের মাঝেই বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বর্তমান ‘লক্ষ্মীর ভান্ডার’ বা ‘যুবসাথী’ প্রকল্পের প্রাপকদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটাতে চাইলেন তিনি। স্মৃতি স্পষ্ট করে দিলেন, বিজেপি সরকার গঠন করলে বাংলার প্রতিটি পরিবার এবং প্রতিটি মহিলার জন্য বিধিবদ্ধ আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে। তবে বর্তমান প্রকল্পের তালিকাটিকেই হুবহু বজায় রাখা হবে কি না, সেই প্রশ্নে অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন তিনি।
নির্বাচনী আবহে বিজেপির ‘সংকল্পপত্র’ অনুযায়ী বর্তমানে চালু থাকা দেড় হাজার টাকার ভাতাকে বাড়িয়ে তিন হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা বাড়াতে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাজ্যজুড়ে ‘ভরসা কার্ড’ বিলি করা শুরু হয়েছে। সোমবার স্মৃতি ইরানি যখন সাংবাদিক সম্মেলনে বসেন, তখন তাঁর কাছে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল যে, যাঁরা বর্তমানে ‘লক্ষ্মীর ভান্ডার’ বা ‘যুবসাথী’র সুবিধা পাচ্ছেন, তাঁরাই কি সরাসরি বিজেপির তিন-হাজারি ভাতার তালিকায় স্থান পাবেন, নাকি নতুন করে কোনো স্ক্রিনিং বা তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হবে? এর উত্তরে স্মৃতি বর্তমান তালিকার কোনো ত্রুটি বা গুণ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও তাঁর বার্তায় এক বিশাল অন্তর্ভুক্তির ইঙ্গিত ছিল। তিনি বলেন, “আমাদের লক্ষ্য অন্ত্যোদয়। আমরা নিশ্চিত করব যাতে বাংলার প্রত্যেকটি পরিবার এবং প্রতিটি যোগ্য মহিলা এই আর্থিক সুরক্ষা বলয়ের আওতায় আসেন।” স্মৃতির এই বক্তব্যের মাধ্যমে বিজেপি আসলে রাজ্যের নারী ভোটারদের এই বার্তাই দিতে চাইল যে, সরকার পরিবর্তন হলেও তাঁদের প্রাপ্য ভাতা বন্ধ হবে না, বরং তা দ্বিগুণ হয়ে তাঁদের হাতে পৌঁছাবে।
ভাতার রাজনীতির বাইরেও স্মৃতি ইরানি এদিন নারী ক্ষমতায়ন নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান। লোকসভায় মহিলা সংরক্ষণ তথা সংবিধান সংশোধন বিল পাশ না-হওয়া নিয়ে গত চার দিন ধরে যে সংঘাত চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেন তিনি। স্মৃতি অভিযোগ করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর সাংসদদের নির্দেশ দিয়েছেন যাতে সংসদে এই বিল পাশ না হয়। তিনি বলেন, “২০২৩ সালে যখন নারীশক্তি বন্দন অধিনিয়ম বিল পাশ হয়েছিল, তখন তৃণমূল সমর্থন জানিয়েছিল। কিন্তু এখন আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ৩৩ শতাংশ সংরক্ষণের যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা, তাতে বাধা দিচ্ছে তারা। এর মাধ্যমে তৃণমূল নেত্রী প্রমাণ করে দিয়েছেন যে তাঁর দল আসলে মহিলা-বিরোধী।” স্মৃতির দাবি, এই বিল পাশ হলে সংসদে বাংলার মহিলাদের প্রতিনিধিত্ব যেমন বাড়ত, তেমনই আসন সংখ্যা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কোষাগার থেকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দের পরিমাণও বৃদ্ধি পেত। তৃণমূলের এই ‘ধোঁকা’ বাংলার মহিলারা ব্যালট বক্সে মনে রাখবেন বলে তিনি তোপ দাগেন।
ভোটের বাংলায় বিজেপি শুধু মাসিক ভাতার ওপর নির্ভর না করে মহিলাদের জন্য একটি বৃহত্তর প্যাকেজ ঘোষণা করেছে, এদিন তা-ও মনে করিয়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ভাতার পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা হবে। এ ছাড়াও স্নাতক স্তরে ভর্তি হওয়া ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকার এককালীন সহায়তা এবং গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা ও ছ’টি বিশেষ পুষ্টি কিট দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত করার অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে তৃণমূলের যে শক্ত জনভিত্তি তৈরি হয়েছে, তাকে ভাঙতেই স্মৃতি ইরানি এদিন ভাতার থেকে কয়েক ধাপ এগিয়ে সামগ্রিক নারী কল্যাণের খতিয়ান তুলে ধরেছেন। স্মৃতির এই সফর এবং তাঁর বক্তব্যের পর এটা স্পষ্ট যে, আসন্ন নির্বাচনে বাংলার মহিলাদের মন জয় করাটাই দু’পক্ষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। বিজেপির এই ‘ভোট-অঙ্ক’ শেষ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের পাল্টায় কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

