Khabor Ekhon
কালবৈশাখীর ভ্রুকুটি: আজ থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভাসবে দক্ষিণবঙ্গ
পয়লা বৈশাখের চাঁদিফাটা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এই স্বস্তি আসছে দুর্যোগের ডালি সাজিয়ে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্প আর বায়ুমণ্ডলের জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে পারে। আলিপুর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়ার মেজাজ বদলে যাবে। বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলা
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বর্তমানে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উঁচুতে অবস্থিত। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। ১৬ এবং ১৭ এপ্রিল অর্থাৎ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এই অনুকূল পরিস্থিতির জেরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কোন কোন জেলায় প্রবল দুর্যোগ?
বৃহস্পতিবার বিকেলের পর থেকে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট সবথেকে বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি ছুঁতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে এবং ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও রবিবারের আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি নামলেও পিছু ছাড়বে না অস্বস্তি
যদিও এই বৃষ্টির স্থায়িত্ব খুব বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর সূত্রের খবর, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের গরম বাড়তে পারে। অর্থাৎ, কালবৈশাখী সাময়িক স্বস্তি দিলেও হাঁসফাঁসানি গরম থেকে এখনই পাকাপাকি নিষ্কৃতি মিলছে না বঙ্গবাসীর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

