AB Live News
উত্তরপাড়ায় মীনাক্ষীর ‘মাস্টারস্ট্রোক’: ইস্তাহারে প্রবীণদের সুরক্ষা ও মহিলা ব্রিগেড
২০২৬-এর বিধানসভা যুদ্ধে হুগলি জেলার অন্যতম ‘হটস্পিট’ উত্তরপাড়া। আর সেই কেন্দ্র থেকেই এবার বামেদের প্রধান বাজি ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। বুধবার হিন্দমোটরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে উত্তরপাড়ার জন্য একগুচ্ছ জনমুখী প্রতিশ্রুতি সংবলিত বিশেষ ইস্তাহার প্রকাশ করলেন তিনি। কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনেই এই ‘লোকাল ইস্তাহার’ তৈরি করেছেন বলে দাবি এই লড়াকু নেত্রীর।
মীনাক্ষীর এই ইস্তাহারে সবথেকে বেশি চমক দিয়েছে ‘মহিলা ব্রিগেড’ ও ‘নবীনদের বাহিনী’ তৈরির পরিকল্পনা। তিনি জানান, নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং মেয়েদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাসে বলীয়ান করতে গড়ে তোলা হবে বিশেষ মহিলা ব্রিগেড। অন্যদিকে, একাকী প্রবীণদের আপদ-বিপদে পাশে দাঁড়াতে একঝাঁক উদ্যমী যুবককে নিয়ে তৈরি হবে ‘প্রবীণ সহায়তা নবীন বাহিনী’। এ ছাড়াও উত্তরপাড়ায় একটি বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র, কর্মসংস্থানের লক্ষ্যে কেরিয়ার ওরিয়েন্টেশন সেন্টার এবং উন্নত ক্রীড়া সমন্বয় ক্লাস্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেরা প্রায় ২৬ শতাংশ ভোট পেলেও জয়ের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। এবার ৩৮ শতাংশ ভোট পাওয়া তৃণমূলকে টক্কর দিতে মীনাক্ষীর প্রধান অস্ত্র মানুষের দীর্ঘদিনের বঞ্চনা। এদিন ইস্তাহার প্রকাশ করে তিনি বলেন, “আমি বহিরাগত নই, আমি বাংলার মেয়ে। গত নির্বাচনে আমাদের একটিও আসন না থাকলেও সাধারণ মানুষের বিপদ-আপদে একমাত্র রেড ভলান্টিয়াররাই মাঠে ছিলেন। ৩৫০টি পাড়া বৈঠকের অভিজ্ঞতা থেকে বলছি, উত্তরপাড়ার মানুষ এবার পরিবর্তন চাইছেন।”
রাজনৈতিক মহলের মতে, মীনাক্ষী তাঁর ইস্তাহারে মূলত নারী ও বয়স্কদের মন জয়ের কৌশল নিয়েছেন, যা তৃণমূলের চিরাচরিত ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পারে। তাঁর দেওয়া ‘পাল্টে দিন, বদলে যাবে উত্তরপাড়া’ ট্যাগলাইনটি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে গঙ্গার ধারের এই প্রাচীন জনপদে। শেষ পর্যন্ত মীনাক্ষীর এই ‘উন্নয়ন-মডেল’ ব্যালট বাক্সে ভোট বাড়াতে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

