Khabor Ekhon
কমিশনের হোয়াট্সঅ্যাপ চ্যাটে অভিষেকের স্ত্রী! বিস্ফোরক দাবি তৃণমূলের
ভোট যত এগোচ্ছে, নির্বাচন কমিশন বনাম শাসকদলের সংঘাত ততই চরমে পৌঁছাচ্ছে। এবার কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ গুরুতর অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে কার্যত বোমা ফাটাল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে লক্ষ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সমস্ত প্রথম সারির নেতা-মন্ত্রীর গতিবিধিতে কড়া নজরদারি ও তল্লাশির ‘নীলনকশা’ তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
এ দিন তৃণমূলের পক্ষ থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট জনসমক্ষে আনা হয়। দলের দাবি, নির্বাচন কমিশন তাদের অধীনস্থ পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকদের সরাসরি নির্দেশ দিচ্ছে তৃণমূল নেতাদের হেনস্থা করার জন্য। প্রকাশিত ওই স্ক্রিনশটে দেখা গিয়েছে, কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী টাকা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই সন্দেহ থেকেই অভিষেক এবং তাঁর স্ত্রী-সহ দলের অন্যান্য নেতা ও মন্ত্রীদের গাড়িতে নজিরবিহীন তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, যারা নিরাপত্তা পান, তাঁদের গাড়িও ‘চেকিং পয়েন্ট’-এ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার কথা বলা হয়েছে ওই চ্যাটে।
তৃণমূলের আরও অভিযোগ, রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচিকেও সন্দেহের তালিকায় রেখেছে কমিশন। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট এবং ডায়মন্ড হারবারের মতো এলাকাগুলিতে রক্তদান শিবিরের আড়ালে টাকা বিলি হতে পারে— এই মর্মে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। স্ক্রিনশট অনুযায়ী, ঝাড়খণ্ড, বিহার এমনকি নেপাল সীমান্ত দিয়েও রাজ্যে টাকা ঢোকার আশঙ্কায় পর্যবেক্ষকদের সতর্ক করেছে কমিশন। এই ধরনের অতর্কিত বা ‘সারপ্রাইজ’ তল্লাশি সরাসরি কন্ট্রোল রুম থেকে নজরদারি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে দাবি শাসকদলের।
তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, কেন্দ্রীয় এজেন্সির পর এবার নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি। যদিও কমিশন আগেই জানিয়েছিল, প্রশাসনিক কাজের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো নতুন কিছু নয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নাম জড়িয়ে যে ধরনের নির্দেশ প্রকাশ্যে এসেছে, তাতে ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক ময়দান। বিরোধীরা এই স্ক্রিনশটের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও, তৃণমূলের এই আক্রমণ কমিশনকে বড়সড় চাপের মুখে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

