Khabor Ekhon
নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের পুরোপুরি নিষিদ্ধ
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত ভোট নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। রাজ্যের বিতর্কিত সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও স্টুডেন্ট পুলিশদের ভোট-সংক্রান্ত যেকোনও কাজ থেকে সম্পূর্ণ বিরত রাখার নির্দেশ জারি করেছে কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, ভোটের কাজে কোনওভাবেই এই কর্মীদের মোতায়েন করা যাবে না। এমনকি ভোটের ৩ দিন আগে থেকে ভোটের পরের ১ দিন পর্যন্ত তাদের ইউনিফর্ম পরে কোনও ডিউটি করা যাবে না এবং কমান্ড সার্টিফিকেটও ইস্যু করা হবে না।
এই সিদ্ধান্তের ফলে ভোটের নিরাপত্তা, বুথ ম্যানেজমেন্ট, যানবাহন চালানোসহ সব কাজ পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ-এর হাতে থাকবে। কমিশনের লক্ষ্য — নিরপেক্ষতা বজায় রাখা এবং যেকোনও ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করা।
সিভিক ভলান্টিয়ারদের অনেকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে। এই নির্দেশকে অনেকে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর বড় পদক্ষেপ বলে মনে করছেন।
এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির তরফে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি, তবে ভোটের মুখে এই ঘোষণা রাজ্যের নির্বাচনী আবহাওয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

