AB Live News
রাজ্য যেন ‘দুর্গ’, ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর
ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গকে কার্যত এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করল নির্বাচন কমিশন। নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে রাজ্যের ১০০ শতাংশ বুথকেই ‘স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করল কমিশন। এই তালিকার মধ্যেই থাকছে অতি-স্পর্শকাতর এবং অতি-উত্তেজনাপ্রবণ বুথগুলিও। অবাধ, সুষ্ঠু ও রক্তপাতহীন নির্বাচন সুনিশ্চিত করতে এবার চেষ্টার কোনও কসুর করতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন।
নির্বাচন পরিচালনার রণকৌশলে বড়সড় বদল এনে কমিশন জানিয়েছে, প্রতি ১০টি বুথ পিছু একটি করে ‘ক্যুইক রেসপন্স টিম’ (QRT) মোতায়েন থাকবে। এই বিশেষ বাহিনীর গাড়িগুলির মাথায় বসানো থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা। লাইভ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে বুথের বাইরের প্রতিটি মুহূর্ত সরাসরি নজরবন্দি হবে কমিশনের সার্ভারে। ফলে কোথাও কোনও অশান্তি বা কারচুপির চেষ্টা হলে মুহূর্তের মধ্যে কন্ট্রোল রুম থেকে তা ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
মার্চের শুরু থেকেই ধাপে ধাপে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। এবার রেকর্ড সংখ্যক বাহিনীর পাহারায় ভোট হতে চলেছে বাংলায়। ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ এবং টহলদারি শুরু করে দিয়েছেন। কার্যত গোটা রাজ্যকে নিজেদের নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে ফেলেছে কমিশন। শুধুমাত্র ভোটের দিন নয়, ভোট পরবর্তী হিংসা রুখতে ফলপ্রকাশের বেশ কিছু দিন পর পর্যন্ত বাহিনী এ রাজ্যে অবস্থান করবে বলে জানানো হয়েছে।
এদিকে, প্রস্তুতির তদারকিতে জেলা সফরে নেমেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বীরভূমে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইনের বাইরে কোনও কাজই বরদাস্ত করা হবে না। নিয়ম লঙ্ঘন করলেই নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এখন দেখার, কমিশনের এই নজিরবিহীন কড়াকড়ি এবং বিশাল বাহিনী মোতায়েনের পর রাজ্যের ভোট শেষ পর্যন্ত কতটা শান্তিপূর্ণ ও অবাধ হয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

