Khabor Ekhon
পানিহাটিতে নির্বাচনী প্রচারে ‘অভয়ার মা’ রত্না দেবনাথকে ঘিরে তৃণমূলের নজিরবিহীন তাণ্ডব: ধাক্কাধাক্কি ও অশালীন মন্তব্যের অভিযোগে উত্তাল এলাকা
মিন্টু চক্রবর্তী (পানিহাটি): নির্বাচনের ময়দানে রাজনৈতিক লড়াই দীর্ঘদিনের দস্তুর, কিন্তু সেই লড়াই যখন ব্যক্তিগত শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার পানিহাটি বিধানসভা এলাকায় ঠিক এমনই এক কলঙ্কিত ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। আর জি করের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নামা রত্না দেবনাথ, যিনি বর্তমানে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, এদিন প্রচার চলাকালীন কেবল তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করাই নয়, বরং তাঁর মৃত কন্যাকে টেনে এনে কুরুচিকর আক্রমণ করা হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান তুলে তৃণমূল কর্মীরা যেভাবে একজন শোকাতুর মা তথা রাজনৈতিক প্রার্থীকে ঘিরে ধরে হেনস্থা করল, তাতে নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে।
এদিন সকাল থেকেই রত্না দেবনাথ যখন পানিহাটির অলিতে-গলিতে নিজের নির্বাচনী প্রচার সারছিলেন, তখন থেকেই একদল যুবক তাঁর গতিবিধি অনুসরণ করতে শুরু করে। প্রচারের মিছিলে হঠাৎই ঢুকে পড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচার চলাকালীন হঠাৎই রত্না দেবনাথকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটু কথা বলতে শুরু করে একদল ব্যক্তি। পরিস্থিতির অবনতি ঘটে যখন বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরে সামনে এগোনোর পথ আটকে দেয়। অভিযোগ উঠেছে, ভিড়ের মধ্যে রত্না দেবনাথকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি করা হয় এবং অত্যন্ত নিচুতলার ভাষায় আক্রমণ শানানো হয়। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান খোদ প্রার্থীও। রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি তোপ দেগেছেন শাসকদলের দিকে। তিনি প্রশ্ন তুলেছেন, একজন মা যখন নিজের সন্তান হারানোর বিচার চেয়ে জনসমক্ষে আসছেন, তখন কেন তাঁকে ‘মেয়ের নামে রাজনীতি করছেন’ বলে কদর্য আক্রমণ সহ্য করতে হবে? কেন তাঁকে আজ রাস্তায় নামিয়ে হেনস্থা করা হচ্ছে? এই নোংরামি রাজনৈতিক দেউলিয়া পনারই নামান্তর বলে তিনি উল্লেখ করেন।
তবে এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেই ফুটে উঠেছে এক মানবিক ছবি। তৃণমূল কর্মীদের এই তাণ্ডব দেখে স্থানীয় সাধারণ মানুষ এবং মহিলারা আর ঘরে বসে থাকতে পারেননি। তাঁরা ঘর থেকে বেরিয়ে এসে রত্না দেবনাথকে মানবশৃঙ্খল তৈরি করে আগলে রাখেন। অনেক সাধারণ মানুষকে দেখা যায় তাঁকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে। মা-হারা মেয়ের মাকে এভাবেই মাতৃস্নেহে ঘিরে রেখেছিলেন পানিহাটির আমজনতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদিকে যখন একদল যুবক উন্মত্তের মতো চিৎকার করে আক্রমণ শানাচ্ছে, অন্যদিকে তখন অসহায় রত্না দেবনাথকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। বিজেপির তরফে দাবি করা হয়েছে, রত্না দেবনাথের লড়াই আসলে তৃণমূলের কাছে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, তাই তাঁর কণ্ঠরোধ করতে এই পরিকল্পিত হামলা। যদিও তৃণমূল নেতৃত্ব এই সমস্ত অভিযোগকে অস্বীকার করে একে বিজেপির সাজানো নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে পানিহাটির রাজপথে ঘটে যাওয়া এই ঘটনা নির্বাচনী রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের মানবিকতাকে চরম আঘাত করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে গোটা এলাকা থমথমে এবং পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

