Khabor Ekhon
বিরোধীদের কটাক্ষের মধ্যেই অধীরের নিরাপত্তা বাড়াল কেন্দ্র
রাজনৈতিক চাপানউতোর আর ক্রমাগত বিক্ষোভের আবহেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা একধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে অধীরবাবুর নিরাপত্তায় মোতায়েন থাকবেন ১০ জন কেন্দ্রীয় জওয়ান, যা আগে ছিল ৫ জন। মঙ্গলবারই অতিরিক্ত ৫ জন জওয়ান বহরমপুরে পৌঁছে তাঁর নিরাপত্তা বলয়ে যোগ দিয়েছেন। নতুন এই দলে মহিলা জওয়ানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দীর্ঘদিন সাংসদ থাকাকালীন অধীর চৌধুরী ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর সাধারণত এই উচ্চস্তরের নিরাপত্তা বজায় রাখার কথা নয়, কিন্তু কেন্দ্র তাঁর নিরাপত্তা বলয়টি প্রত্যাহার করেনি। সেই সময় থেকেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। গত সোমবার জলঙ্গির নির্বাচনী জনসভা থেকে এই নিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, সাংসদ না হয়েও অধীর চৌধুরী কোন জাদুবলে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন? বিজেপির সঙ্গে অধীরের তলে তলে কোনও ‘আঁতাঁত’ রয়েছে কি না, তা নিয়েও কড়া ভাষায় তোপ দাগেন অভিষেক।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্ত নতুন করে আগুনের ঘি ঢেলেছে। তবে প্রশাসনের একটি সূত্রের দাবি, সাম্প্রতিককালে নির্বাচনী প্রচারে বেরিয়ে বারংবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কংগ্রেসের এই দাপুটে নেতাকে। জেলার বিভিন্ন প্রান্তে তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান তোলা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় মহিলারা সামনের সারিতে থেকে অধীরবাবুর গাড়ি আটকানো বা কালো পতাকা দেখানোর মতো ঘটনা ঘটাচ্ছেন। মহিলা বিক্ষোভকারীদের সামাল দিতেই মূলত নতুন নিরাপত্তা দলে মহিলা জওয়ানদের রাখা হয়েছে।
বর্তমানে ১০ জন কেন্দ্রীয় জওয়ানের পাশাপাশি অধীর চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের দুই কনস্টেবলও মোতায়েন রয়েছেন। নির্বাচনের ঠিক মুখে যখন বহরমপুর কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের পারদ তুঙ্গে, তখন এই বাড়তি নিরাপত্তা বলয় একদিকে যেমন অধীরবাবুর গতিবিধি সুরক্ষিত করবে, তেমনই অন্যদিকে শাসক দল তৃণমূলের হাতে নতুন রাজনৈতিক অস্ত্র তুলে দিল। সব মিলিয়ে অধীরের নিরাপত্তা ঘিরে এখন সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক ময়দান।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

