Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শাহকে আপ্যায়ন বিফলে, নিউটাউনে ‘প্রতিশোধের’ হুঙ্কার মতুয়াদের

0 792,109,423

ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল ২০২০ সালের ৬ নভেম্বর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে তখন সাজ সাজ রব। সেই মাহেন্দ্রক্ষণে রাজারহাট-নিউটাউনের জ্যোতিনগরে মতুয়া নেতা নবীন বিশ্বাসের সাদামাটা বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে উড়ে আসা খাদ্য বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের নিজের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা আর নলেন গুড়ের পায়েস তৃপ্তি করে খেয়েছিলেন শাহ। সেদিন সেই পাত পেড়ে খাওয়ার আসর থেকে আশ্বাসের সুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মতুয়ারা এই দেশেরই নাগরিক, বিজেপি সরকার তাঁদের পাশে আছে এবং সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব মিলবেই। কিন্তু চার বছর পর সেই জ্যোতিনগরের অলিগলিতে আজ কেবলই আক্ষেপ আর প্রতারণার সুর। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ‘মিত্র’ নবীন বিশ্বাসই এখন রণংদেহী মেজাজে বলছেন, “বিজেপির খপ্পরে পড়ে মতুয়াদের জীবন আজ বিপর্যস্ত।” আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিউটাউনের এই ‘মতুয়া গড়’ এখন চরম ক্ষোভ, আতঙ্ক আর আশঙ্কার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অভিযোগের তির সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের দিকে। স্থানীয় মতুয়া নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের এসআইআর (SIR) বা বিশেষ তদন্তের ফাঁদে ফেলে রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার প্রায় ১৪ হাজার মতুয়া ভোটারের নাম বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। সুধাংশু সরকার, গণেশ মণ্ডলের মতো হাজার হাজার মানুষ, যাঁরা দশকের পর দশক ধরে এখানে বসবাস করছেন, ভোট দিচ্ছেন, তাঁদের ভবিষ্যৎ আজ এক লহমায় অনিশ্চিত হয়ে পড়েছে। যে সরকার নাগরিকত্বের আইনি কবচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তারাই এখন সুকৌশলে তাঁদের ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র করছে বলে মনে করছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।
রাজনৈতিক সমীকরণের বিচারে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে মতুয়া ভোট একটি অত্যন্ত প্রভাবশালী ফ্যাক্টর। ১৯৭১ সালে দেশভাগের চরম যন্ত্রণা বুকে নিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় ছিন্নমূল হয়ে আশ্রয় নিয়েছিলেন এই মানুষগুলো। কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন বিধাননগর পুরসভার ১, ১৪, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল আজ মতুয়া অধ্যুষিত। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এই কেন্দ্রে মোট ৩ লক্ষ ২৫ হাজার ৯১৮ জন ভোটারের মধ্যে প্রায় ৪০ হাজারই মতুয়া সম্প্রদায়ের। এই বিপুল ভোটব্যাঙ্ক যে কোনও দলের জয়ের চাবিকাঠি হতে পারে। আর সেই ভোটব্যাঙ্কেই এখন থাবা বসিয়েছে ‘ডিটেনশন ক্যাম্প’ বা ‘পুশব্যাক’-এর আতঙ্ক।
মতুয়াদের অভিযোগ, সিএএ-র নামে আসলে এনআরসি-র আতঙ্ক ছড়ানো হচ্ছে। এসআইআর-এর মাধ্যমে যেভাবে ভোটার তালিকা থেকে নাম ছেঁটে ফেলা হচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে— তবে কি তাঁদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে? জ্যোতিনগরের বাড়িতে বসে ক্ষুব্ধ নবীন বিশ্বাস স্পষ্ট জানালেন, “আমরা বিজেপিকে বিশ্বাস করেছিলাম। অমিত শাহ আমার বাড়িতে বসে খেয়ে গিয়ে যে আশ্বাস দিয়েছিলেন, তা আজ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। এসআইআর-এর নামে আমাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”
এই তপ্ত দুপুরে মতুয়া পাড়ায় কান পাতলে কেবলই শোনা যাচ্ছে বঞ্চনার কথা। সাধারণ মতুয়া ভোটারদের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে এদেশের সব দায়িত্ব পালন করছেন, অথচ ভোটের মুখেই তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, মতুয়াদের এই ‘মোহভঙ্গ’ আসন্ন নির্বাচনে বিজেপির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। নবীন বিশ্বাসের হুঁশিয়ারি, “পরিণতি যাই হোক, আগামী ২৯ এপ্রিল রাজারহাট-নিউটাউনের মতুয়ারা ভোটের লাইনে দাঁড়াবেন প্রতিশোধ নিতে। এই প্রতারণার মাশুল অমিত শাহদের কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।” একদা যে শাহকে তাঁরা সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, আজ সেই শাহর বিরুদ্ধেই ব্যালট যুদ্ধে শামিল হওয়ার শপথ নিয়েছে নিউটাউনের মতুয়া গড়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper