Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রশিদের চোট, চিন্তায় মশালবাহিনী

0 3,467,219,932

মহামেডান স্পোর্টিংকে সাত গোলের মালা পরিয়ে একরাশ আত্মবিশ্বাস সঙ্গী করে ফিফা বিরতিতে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেই বিরতি কাটিয়ে চেন্নাইয়িন এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করতেই ফের বড়সড় চোটের ধাক্কায় বেসামাল হয়ে পড়ল মশালবাহিনী। শনিবার অনুশীলনের সময় গোড়ালিতে গুরুতর চোট পান দলের নির্ভরযোগ্য প্যালেস্তিনীয় মিডফিল্ডার মহম্মদ রশিদ। প্রাথমিক শুশ্রূষায় কাজ না হওয়ায় তাঁর এমআরআই করানো হয়। সেই রিপোর্ট আসতেই কপালে চিন্তার ভাঁজ লাল-হলুদ শিবিরের।
সূত্রের খবর, রশিদের চোট বেশ গভীর। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। এর অর্থ হল, চলতি মে মাসে ইস্টবেঙ্গলের হয়ে আর মাঠে নামার সম্ভাবনা নেই এই বিদেশি মিডফিল্ডারের। মে মাসের ক্রীড়াসূচি অনুযায়ী লাল-হলুদের সামনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। যার মধ্যে সবথেকে হাইভোল্টেজ লড়াই হল ১৭ মে-র কলকাতা ডার্বি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে মাঝমাঠের এই প্রধান অস্ত্রকে না পাওয়া কোচ এবং ম্যানেজমেন্টের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৭ তারিখের আগে রশিদ আদেও ফিট হতে পারবেন কি না, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছে ক্লাব কর্তৃপক্ষ।
তবে রশিদের চোট নিয়ে মেঘ জমলেও, অন্য এক খবরে কিছুটা স্বস্তির আলো দেখছে ইস্টবেঙ্গল তাবু। দলের রক্ষণভাগের স্তম্ভ আনোয়ার আলির চোট নিয়ে উদ্বেগের বিশেষ কোনো কারণ নেই বলে জানা গিয়েছে। আপাতত দু’দিন তাঁকে অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই তিনি পুরোদমে দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করতে পারেন। ডার্বির আগে আনোয়ারের সুস্থতা লাল-হলুদ রক্ষণকে অনেকটাই ভরসা দেবে। এখন দেখার, রশিদের অনুপস্থিতিতে মাঝমাঠের রণকৌশল সাজাতে কোন বিকল্প পথে হাঁটে মশালবাহিনী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper